২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদার দাবিতে মারধর: চট্টগ্রামে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

চাঁদার দাবিতে কারখানার সুপারভাইজারকে মারধরের ঘটনায় চট্টগ্রামে সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছে পোশাক শ্রমিকরা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Nov 2016, 04:19 PM

Updated : 11 Oct 2022, 09:21 PM

খুলশী থানার ওসি নিজাম উদ্দিন জানান, বুধবার বেলা ১১টার দিকে পলিটেকনিক এলাকায় আনোয়ারা ড্রেস মেকার্স নামের ওই কারখানার শ্রমিকরা রাস্তায় নামেন।

“সকালে স্থানীয় মাস্তানরা কারখানার একজন সুপারভাইজারকে মারধর করার কথা শুনে শ্রমিকরা রাস্তায় নেমে আসে। তারা গাড়ি চলাচল বন্ধ করে বিক্ষোভ দেখায়। পাশের ফ্র্যাঙ্ক অ্যাপারেল লিমিটেডের শ্রমিকরাও তাদের সঙ্গে যোগ দেয়।”

অবরোধের কারণে সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় বলে জানান ওসি।  পরে পুলিশ বেলা সোয়া ১২টার দিকে শ্রমিকদের বুঝিয়ে রাস্তা থেকে সরিয়ে দেয়।

কারখানা কর্তৃপক্ষের অভিযোগ, প্রতিষ্ঠার পর থেকেই চট্টগ্রাম পলিটেকনিক ইন্সটিটিউট ছাত্রলীগের নামে তাদের কাছে চাঁদা দাবি করে আসছে স্থানীয় একদল যুবক।

আনোয়ারা ড্রেস মেকার্স লিমিটেডের পরিচালক ইফতেখার উদ্দিন চৌধুরী বলেন, “কিছুদিন আগে অফিসে এসেও চাঁদা চেয়েছে তারা। এর আগে শ্রমিক-কর্মচারীদের কাছে বলেছে, তাদেরকে বেতন থেকে চাঁদা দিতে হবে।”

স্থানীয় আওয়ামী লীগ নেতা ও পুলিশকে এসব জানালেও কোনো ব্যবস্থা তারা নেননি বলে অভিযোগ করেন ইফতেখার।

এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে খুলশী থানার ওসি নিজাম উদ্দিন বলেন, কারখানা কর্তৃপক্ষ আনুষ্ঠানিক অভিযোগ দিলে তারা ব্যবস্থা নেবেন।

“মালিকপক্ষ অভিযোগ করেছে, স্থানীয় কয়েকজন চাঁদা দাবি করেছে। তাদের বলেছি, নাম উল্লেখ করে মামলা করতে। তাহলে আমরা আইনগত ব্যবস্থা নেব।”