২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ইয়াবাসহ গ্রেপ্তারের মামলায় ২ জনের কারাদণ্ড

ইয়াবাসহ গ্রেপ্তারের ঘটনায় করা এক মামলায় দুইজনকে সাত বছর করে কারাদণ্ডের আদেশ দিয়েছে চট্টগ্রামের একটি আদালত।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2016, 06:58 PM

Updated : 20 Aug 2022, 02:17 PM

চট্টগ্রাম মহানগর দায়রা জজ মো. শাহে নুর সোমবার এ রায় ঘোষণা করেন।

দণ্ডিতরা হলেন- চট্টগ্রাম নগরীর কর্ণফুলী থানার চর পাথরঘাটা এলাকার আকবর হোসেনের ছেলে মো. হাবিব হোসেন এবং কক্সবাজারের উখিয়া এলাকায় মো. আইয়াজ।

এদের মধ্যে আইয়াজ পলাতক। রায় ঘোষণার পর হাবিব হোসেনকে কারাগারে পাঠানো হয়েছে।

চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী ফখরুদ্দিন চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ১২ হাজার ৬০০ ইয়াবাসহ গ্রেপ্তারের ঘটনায় তাদের বিরুদ্ধে করা মামলার অভিযোগ প্রমাণ হওয়ায় বিচারক এ রায় দেন।

রায়ে দুই আসামিকেই পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

মামলার এজাহারে বলা হয়, ২০১৫ সালের ২৮ অগাস্ট নগরীর সদরঘাট এলাকার ডিলাইট হোটেলের সামনে থেকে ‍দুই আসামিকে গ্রেপ্তার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল।

ওই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা ওসমান গণি বাদী হয়ে মামলা করেন।

এরপর ২০১৫ সালের ২৯ সেপ্টেম্বর এ মামলায় অভিযোগপত্র জমা দেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক তপন কান্তি শর্মা।

চলতি বছরের ১৯ জুন এ মামলায় অভিযোগ গঠন করা হয়।