২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রজত জয়ন্তীতে প্রমা’র তিনদিনের অনুষ্ঠান

প্রতিষ্ঠার ২৫ বছরে তিনদিনের অনুষ্ঠানমালার আয়োজন করেছে চট্টগ্রামের অন্যতম শীর্ষ আবৃত্তি সংগঠন ‘প্রমা’।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2016, 06:51 PM

Updated : 20 Aug 2022, 02:18 PM

রজত জয়ন্তী উপলক্ষে তিনদিনের অনুষ্ঠানে বাংলাদেশ ও ভারতের বরেণ্য আবৃত্তিশিল্পীদের একক ও বৃন্দ পরিবেশনা ছাড়াও থাকছে শোভাযাত্রা, শ্রুতি নাটক, সঙ্গীত, কথামালা, ঢোলবাদন, পুনর্মিলনীসহ বিভিন্ন অনুষ্ঠান। 

আগামী বুধবার চট্টগ্রাম শিল্পকলা একডেমিতে রজত জয়ন্তীর অনুষ্ঠানের উদ্বোধন করবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।

সোমবার দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করে প্রমা আবৃত্তি সংগঠনের পক্ষ থেকে রজত জয়ন্তীর অনুষ্ঠানমালার বিভিন্ন দিক তুলে ধরা হয়।

এতে লিখিত বক্তব্যে প্রমা’র সভাপতি রাশেদ হাসান বলেন, “১৯৯০ সালে স্বৈরাচার ও সাম্প্রদায়িকতা বিরোধী আন্দোলনের উত্তাল সময়ে প্রমা আবৃত্তি সংগঠনের জন্ম। ওই পরিস্থিতিতে পঁচিশ বছর পথ চলতে দেশের প্রত্যন্ত অঞ্চলে গিয়ে মানুষের কথা বলেছি।”

‘মানুষের কথা’ বলার ধারাবাহিকতায় প্রমা আবৃত্তি সংগঠন তার গৌরবের ২৫ বছর পার করছে মন্তব্য করে তিনি জানান, উদ্বোধনীতে সমাজবিজ্ঞানী অধ্যাপক অনুপম সেন, দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক, চট্টগ্রাম জেলা প্রশাসক সামসুল আরেফিন, ভারতের সহকারী হাই কমিশনার সোমনাথ হালদার, শহীদজায়া বেগম মুশতারী শফী, অধ্যাপক মাহবুবুল হক অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

প্রতিদিনের অনুষ্ঠানে ঢাকা, চট্টগ্রাম এবং ভারতের আগরতলা ও কলকাতার আবৃত্তি শিল্পীরা অংশ নেবেন। দলীয় ও একক পরিবেশনার পাশাপাশি কবি কণ্ঠে কবিতাপাঠের অনুষ্ঠানও হবে।  

রজত জয়ন্তী অনুষ্ঠানের শেষদিন শুক্রবার সকালে বর্ণাঢ্য শোভাযাত্রা এবং প্রমার বর্তমান ও প্রাক্তন সদস্যদের অংশগ্রহণে পুনর্মিলনী হবে।

সম্মেলনে অন্যদের মধ্যে প্রমা’র সাধারণ সম্পাদক বিশ্বজিৎ পাল, সহ-সভাপতি কংকন দাশ, জেরিন মিলি, স্বপন দাশ, সাংগঠনিক সম্পাদক শাহেদুল ইসলাম, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক তাজুল ইসলাম, বাংলানিউজের ব্যুরো প্রধান তপন চক্রবর্তী, তারা টিভি চট্টগ্রামের বিভাগীয় প্রতিনিধি নিরুপম দাশগুপ্ত, উদীচীর জেলা সহ-সভাপতি সুনীল ধর উপস্থিত ছিলেন।

১৯৯০ সালের ২৯ নভেম্বর চট্টগ্রামে প্রমা আবৃত্তি সংগঠন প্রতিষ্ঠা লাভ করে। চট্টগ্রামসহ সারা দেশে নিয়মিত আবৃত্তি চর্চার পাশাপাশি প্রগতিশীল সাংস্কৃতিক আন্দোলনে এ সংগঠন সক্রিয় ভূমিকা পালন করে আসছে।

সংগঠনটি নিয়মিতভাবে আবৃত্তি ও শুদ্ধ উচ্চারণের নিয়মিত কোর্সও পরিচালনা করে থাকে।