মহসিন কলেজে ছাত্রলীগের মারামারি
চট্টগ্রাম সরকারি হাজী মো. মহসিন কলেজে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে আহত হয়েছে দুইজন।
সোমবার দুপুরে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
আহতরা হলেন- আনিসুজ্জামান আবির ও মুহিবুল ইসলাম জীবন। দুজনেই বিবিএ তৃতীয় বর্ষের ছাত্র।
টিনু গ্রুপের অনুসারী হিসেবে পরিচিত মহসিন কলেজ ছাত্রলীগ নেতা সুভাস মল্লিক নগর ছাত্রলীগ সাধারণ সম্পাদক নুরুল আজিম রনির অনুসারীদের বিরুদ্ধে হামলার অভিযোগ এনেছেন।
সুভাষ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রনির অনুসারী অর্থনীতি বিভাগের প্রথম বর্ষের নাঈম ও বোটানি বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র সুমন এ হামলা করেছে।”
চকবাজার থানার ওসি মীর মো. নুরুল হুদা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মো. হানিফ ওরফে সুমন টিনু গ্রুপ পক্ষ ত্যাগ করে বিপক্ষ গ্রুপে যোগ দেয়। এটা নিয়ে মূলত উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ।”
পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে সুমনকে আটক করেছে বলে জানান তিনি।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক মো. হামিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুর ২টার দিকে আহত দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুইজনের মধ্যে আবিরের পেটে ছুরিকাঘাত ও জীবনের গায়ে লাঠির আঘাত রয়েছে বলে জানান হামিদ।
