চট্টগ্রামে ৮ বছরের শিশু হত্যা, মামা আটক
চট্টগ্রামের হালিশহরে আট বছরের এক শিশুকে হত্যার অভিযোগে তার মামাকে আটক করেছে পুলিশ।
আটক জুয়েল (২৮) হালিশহরের বউবাজার এলাকার ফকিরহাট গলির টিঅ্যান্ডটি সড়কের ফকিরার বাড়ির বাসিন্দা।
রোববার গভীর রাতে ওই বাড়িতেই শিশুটিকে হত্যা করা হয় বলে হালিশহর থানার ওসি প্রণব চৌধুরী জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “তার মাথায় ভারি কিছু দিয়ে আঘাত করা হয়েছে।”
নিহত ইয়াছিন ওই বাসায় নানি ও মামা জুয়েলের সঙ্গে থাকতো এবং রাতে মামার সঙ্গে ঘুমাতো বলে ওসি প্রণব জানান।
তিনি বলেন, “রোববার রাত ১২টার দিকে ইয়াছিনের চিৎকার শুনতে পেয়েছিল প্রতিবেশিরা। রাত ২টার দিকে বাড়ির পেছন থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।
“জুয়েলের বিরুদ্ধে শিশুটিকে যৌন নির্যাতনের অভিযোগ ছিল। খুনের সঙ্গে জড়িত সন্দেহে তাকে আটক করা হয়েছে।”
শিশুটির লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
