দ. এশিয়ার রাজনীতি-অর্থনীতিতে আমেরিকার নির্বাচনের প্রভাব নিয়ে সেমিনার
চট্টগ্রামের বেসরকারি ইস্ট ডেল্টা ইউনিভার্সিটিতে (ইডিইউ) দক্ষিণ এশিয়ার রাজনীতি ও অর্থনীতিতে আমেরিকার নির্বাচনের প্রভাব নিয়ে সেমিনার হয়েছে।
রোববার নগরীর প্রবর্ত্তক মোড়ে বিশ্ববিদ্যালয়ের বর্ধিত ভবনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি অব মালয়েশিয়ার (আইআইইউএম) ডেপুটি ডিরেক্টর অধ্যাপক ড. এস এম আবদুল কুদ্দুস বলেন, আমেরিকার পররাষ্ট্র নীতি নির্ধারিত হয় তাদের নিজেদের স্বার্থ বিবেচনা করে।
“কোনো ব্যক্তি বিশেষের উপর নির্ভর করে তাদের বৈদেশিক পলিসি নির্ধারিত হয় না। তবে দক্ষিণ এশিয়া নিয়ে তারা সব সময়ই আলাদা চিন্তাভাবনা করে যুগ যুগ ধরে।”
ইডিইউর উপাচার্য মুহাম্মদ সিকান্দার খান বলেন, “বিশ্বনীতি তৈরিতে আমেরিকা সব সময় প্রভাব বিস্তার করে আসছে।
“মুক্ত বাজার অর্থনীতি, শ্রম বাজার, গার্মেন্ট শিল্পসহ প্রতিটি সেক্টরে বড় দেশগুলোর সঙ্গে টিকে থাকতে হলে সরকারকে অনেক চিন্তা ভাবনা করে এগোতে হবে।”
ইডিইউর অ্যাসোসিয়েট ডিন ড. মোহাম্মদ নাজিম উদ্দিনের সভাপতিত্বে সেমিনারে অন্যদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ সামস-উদ-দোহা, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সজল বড়য়া উপস্থিত ছিলেন।
