পর্যটনে সাফল্যে চাই পরিকল্পনা: মেয়র নাছির
পর্যটন খাতে যথাযথ পরিকল্পনা গ্রহণ করে বাস্তবায়ন করতে পারলে বাংলাদেশ সাফল্য লাভ করতে পারে বলে মন্তব্য করেছেন চট্টগ্রামের মেয়র আ জ ম নাছির উদ্দিন।
রোববার চট্টগ্রাম চেম্বারের বঙ্গবন্ধু কনফারেন্স হলে আয়োজিত ‘ইকো ট্যুরিজম’ শীর্ষক গোলটেবিল বৈঠকে এই মন্তব্য করেন তিনি।
সিটি মেয়র নাছির বলেন, “মালদ্বীপের মতো দেশ ইকো ট্যুরিজমে মডেল হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছে। এ উদাহরণ প্রত্যক্ষ করে যথাযথ পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশ সাফল্য লাভ করতে পারে।”
এক্ষেত্রে সাধারণ মানুষ এবং পর্যটকদের মধ্যে জীব বৈচিত্র্য ও প্রাকৃতিক পরিবেশ সম্পর্কে সচেতনতা সৃষ্টি করার উপরও জোর দেন তিনি।
রাঙামাটিসহ পার্বত্য চট্টগ্রামে পর্যটকদের জন্য আধুনিক সুযোগ সুবিধা নিশ্চিত করার সুপারিশও করেন মেয়র নাছির।
এফবিসিসিআই ও ফ্রেডরিখ নুম্যান ফাউন্ডেশন আয়োজিত অনুষ্ঠানে চট্টগ্রাম চেম্বার সভাপতি মাহবুবুল আলম বলেন, স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনার মাধ্যমে ইকো ট্যুরিজমের ক্ষেত্রে সফলতা লাভ সম্ভব।
“ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে, চট্টগ্রাম থেকে রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান যোগাযোগের সড়ক দুই লেইন বিশিষ্ট করা হলে পর্যটন খাতে ব্যাপক উন্নয়ন হবে। সীতাকুণ্ড এবং পতেঙ্গা সমুদ্র সৈকত উন্নয়নের মাধ্যমে বিপুল পরিমাণ পর্যটক আকৃষ্ট করা যাবে।”
বৈঠকে সূচনা বক্তব্য রাখেন এফবিসিসিআইর মহাসচিব মীর শাহাবুদ্দিন মোহাম্মদ। বক্তব্য রাখেন চট্টগ্রাম চেম্বারের সহ-সভাপতি সৈয়দ জামাল আহমেদ, পরিচালক মাহফুজুল হক শাহ, এফএনএফ প্রতিনিধি ড. নাজমুল হোসেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান অনুষদের প্রাক্তন ডিন অধ্যাপক হোসাইন কবির, মেরিন ফিসারিজ বিভাগের পরিচালক ড. শাহাদাত হোসেন, রাঙামাটি চেম্বার সভাপতি বেলায়েত হোসেন ভূঁইয়া।
বৈঠকে ইকো ট্যুরিজম নিয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ড. অনুপম হোসেন।
