২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কর্ণফুলি প্রকল্পের দ্বিতীয় পর্যায় নিয়ে চট্টগ্রাম ওয়াসার চুক্তি

কর্ণফুলি পানি সরবরাহ প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু করতে চীনা প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করেছে চট্টগ্রাম ওয়াসা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

চট্টগ্রাম ব‌্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Nov 2016, 07:31 PM

Updated : 20 Aug 2022, 02:17 PM

রোববার নগরীর একটি হোটেলে এ প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে ৬০০ কিলোমিটর সঞ্চালন ও বিতরণ লাইন নির্মাণে চীনের চায়না জিইও-ইঞ্জিনিয়ারিং করপোরেশনের (সিজিসি) সঙ্গে চুক্তি সই হয়।

চট্টগ্রাম ওয়াসার পক্ষে ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এ কে এম ফজলুল্লাহ এবং সিজিসি প্রেসিডেন্ট সাং জিং হং নিজ নিজ পক্ষে চুক্তিতে সই করেন।

আগামী ফেব্রুয়ারি মাস থেকে সঞ্চালন ও বিতরণ লাইন নির্মাণের কাজ শুরু হবে বলে অনুষ্ঠানে জানানো হয়। নির্মাণ কাজ শেষ হবে ২০২০ সালের মধ্যে। সঞ্চালন ও বিতরণ লাইন নির্মাণে ব্যয় ধরা হয়েছে এক হাজার ২০ কোটি টাকা।

চুক্তি সাক্ষর অনুষ্ঠানে চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী ফজলুল্লাহ বলেন, “প্রথম পর্যায়ের কাজ আমরা সম্পন্ন করেছি। ট্রায়ালে পানির লাইন চালু করে আমরা দেখেছি পাইপ লাইনের কোথাও কোথাও ফাটল দেখা যাচ্ছে।

“সে কারণে প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে আমরা ছয়শ কিলোমিটার সঞ্চালন ও বিরতণ লাইন সম্পুর্ণ নতুন করে নির্মাণ কাজ হাতে নিয়েছি। এটা সম্পন্ন হলে প্রকল্পের সুবিধা শতভাগ পাবেন।”

বিদ্যমান পাইপগুলো ৬০ বছরের পুরনো ও বি-ক্লাস পাইপ জানিয়ে তিনি বলেন, “ছয়শ কিলোমিটার পাইপ লাইনের পুরোটাই আমরা নতুন করে পুনঃস্থাপন করে হাই ডেন্সিটি পলিথিলিন পাইপ বসাব, যা একশ বছরেও কিছু হবে না।”

অনুষ্ঠানে জিইও ইঞ্জিনিয়ারিং করপোরেশনের প্রেসিডেন্ট সুং জিং হং বলেন, জিইও করপোরেশন পৃথিবীর ৫০টি দেশে অবকাঠামোগত উন্নয়নে কাজ করছে।

১৯৮২ সালে প্রতিষ্ঠিত এ প্রতিষ্ঠানটি দেশে-বিদেশে পানি সরবরাহ, ড্রেইনেজ, সড়ক ও সেতু নির্মাণ, পরিবেশ রক্ষা, জলবিদ্যুৎ ও খনিজ সম্পদ ব্যবস্থাপনাসহ নানান কাজে যুক্ত আছে বলে জানান তিনি।

“২০০১ সাল থেকে আমরা নির্দিষ্ট সময়ের মধ্যে সফলতার সাথে বেশকিছু প্রকল্পের কাজ করেছি। বাংলাদেশে সিজিসি’র উচ্চ দক্ষতা সম্পন্ন প্রকৌশলী ও স্থানীয় পরিবেশে কাজ করতে সক্ষম এমন প্রকৌশলীরা কাজ করছে। ফলে সফলতার সাথে কাজ শেষ করতে পারব আমরা।”

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিজিসি’র বাংলাদেশ প্রধান কিন ইয়াং, জাপানের এনজেএস কলসালটেন্ট কোম্পানী লিমিটেডের টিম লিডার মাসাহারু তাকাসুগি ও দ্বিতীয় পর্যায়ের প্রকল্প পরিচালক প্রকৌশলী মো. ইয়াকুব সিরাজদৌল্লা।