পাওনা পরিশোধের দাবি কর্ণফুলি পেপার মিলের ২০০ কর্মীর
গ্র্যাচুয়িটি ও প্রভিডেন্ট ফান্ডের টাকা না পেয়ে দুর্ভোগে রয়েছেন রাষ্ট্রায়ত্ত কর্ণফুলি পেপার মিলের (কেপিএম) অবসরে যাওয়া ২০০ শ্রমিক, কর্মচারী ও জুনিয়র কর্মকর্তা।
রোববার চট্টগ্রাম প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে নিজেদের অসহায়ত্বের কথা তুলে ধরেন তারা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান ‘পাওনা আদায়ে গঠিত শ্রমিক, কর্মচারী ও জুনিয়র কর্মকর্তাদের সমন্বয় কমিটি’র সদস্য সচিব মো. আবদুর রব ভুঁইয়া।
রব ভুঁইয়া বলেন, অবসরের পর এক মাসের মধ্যে গ্র্যাচুয়িটি ও প্রভিডেন্ট ফান্ডের টাকা সংশ্লিষ্ট ব্যক্তিকে বুঝিয়ে দেওয়ার বিধান থাকলেও তারা তিন বছর পার হলেও পাওনা বুঝে পাচ্ছেন না।
কেপিএম মূল তদারকি সংস্থা বিসিআইসির ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে বার বার মৌখিক ও লিখিতভাবে পাওনা বুঝে পাওয়ার জন্য আবেদন জানালেও কর্তৃপক্ষ কোনো সদুত্তর দিচ্ছেন না বলে অভিযোগ করেন তিনি।
রব বলেন, “প্রভিডেন্ট ফান্ড ও গ্র্যাচুয়িটির টাকা না পেয়ে অনেকে নিজের মেয়ের বিয়ে দিতে পারছেন না, পারছেন না নিজের চিকিৎসা করাতে। অসহায় ও মানবেতর জীবনযাপনে বাধ্য হচ্ছি আমরা।”
গত তিন বছরে অবসর গ্রহণের পর পাওনা টাকা না পেয়ে দুরারোগ্য রোগের চিকিৎসা করাতে না পেরে ১৫ জন শ্রমিক ও জুনিয়র কর্মকর্তা মারা গেছেন বলে সংবাদ সম্মেলনে দাবি করা হয়।
রব বলেন, “অনেকের স্কুল, কলেজ ও ভার্সিটি পড়ুয়া সন্তান আছে। তাদের লেখাপড়াও আজ বন্ধের পথে। এমনকি অনাহারে-অর্ধাহারেও দিন কাটাচ্ছেন অনেকে।
“একেক জনের প্রায় ২০-২৫ লাখ টাকা কেপিএমের কাছে পাওনা আছে। এ টাকাগুলো পেলে জীবনের শেষ সময়টা অন্তত শান্তিতে কাটাতে পারতাম।”
এই পাওনা পরিশোধের পদক্ষেপ নিতে কেপিএম ও বিসিআইসি কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানান কমিটির আহবায়ক মো. হাসানুজ্জামান।
