চট্টগ্রামে ইলেকট্রিশিয়ান খুন, স্ত্রী ও তার বন্ধু গ্রেপ্তার
চট্টগ্রাম নগরীর হালিশহরের বাসায় খুন হয়েছেন এক ইলেকট্রিশিয়ান, যাকে হত্যায় জড়িত অভিযোগে তার স্ত্রী ও স্ত্রীর এক বন্ধুকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নিহত আব্দুল বাতেন ওরফে খোকন (৩৪) নগরীর হালিশহর থানার মধ্য রামপুরা কেতুরা মসজিদ এলাকায় থাকতেন। তিনি গ্রামের নোয়াখালীর সেনবাগের আবদুল মতিনের ছেলে।
গ্রেপ্তাররা হলেন- খোকনের স্ত্রী জেসমিন আক্তার এবং তার বন্ধু আলাউদ্দিন।
গ্রেপ্তারের পর শনিবার বিকালে চট্টগ্রাম মহানগর হাকিম আদালতে হাজির করা হলে তার হত্যার কথা স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন বলে জানান হালিশহর থানার পরিদর্শক (তদন্ত) আলমগীর হোসেন।
শুক্রবার গভীর রাতে খোকনকে খুন করা হয় জানিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “জেসমিনে সাথে আলাউদ্দিনের প্রেমের সম্পর্ক ছিল। বিষয়টি জানতে পারলে এ নিয়ে খোকনের সাথে জেসমিনের ঝগড়া হয়।”
এর জের ধরে জেসমিন ও আলাউদ্দিন তাকে খুনের পরিকল্পনা করে বলে জানান পুলিশ কর্মকর্তা আলমগীর।
তিনি বলেন, “শুক্রবার রাতে খোকন ঘুমিয়ে পড়লে আলাউদ্দিন পূর্ব পরিকল্পনা অনুসারে তাদের বাসায় আসে। এরপর জেসমিন ও আলাউদ্দিন মিলে খোকনের হাত-পা বেঁধে নিয়ে তাকে হত্যা করে।”
ঘটনার পর খবর পেয়ে শনিবার ভোররাতের দিকে অভিযান চালিয়ে ওই এলাকা থেকে জেসমিন ও আলাউদ্দিনকে গ্রেপ্তার করে পুলিশ।
