‘ভোটাধিকার পেতে’ রাজনীতিক দলগুলোকে এক হতে আহ্বান নোমানের
গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধারে মুক্তিযুদ্ধকালীন সময়ের মতো দেশের সব রাজনীতিক দলকে ঐক্যবদ্ধ হতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা আবদুল্লাহ আল নোমান।
শনিবার বিকালে এক আলোচনা সভায় তিনি বলেন, একাত্তরে গণতন্ত্র, ভোটাধিকার, স্বাধিকার ও অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে সব রাজনৈতিক দল যেভাবে ঐক্যবদ্ধভাবে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিল, দেশের বর্তমান প্রেক্ষাপটে গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধারের জন্য সব রাজনৈতিক দলকে ঠিক একইভাবে ঐক্যবদ্ধ হতে হবে।
গণতন্ত্র পুনরুদ্ধার না হলে ‘স্বৈরশাসন’ আরও দীর্ঘায়িত হবে বলে মন্তব্য করেন সাবেক মন্ত্রী নোমান।
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৪০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম প্রেস ক্লাব মিলনায়তনে এ আলোচনা সভার আয়োজন করে ‘ভাসানী অনুসারী পরিষদ’।
এতে বিএনপি’র কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান নোমান বলেন, “মওলানা ভাসানী ও শহীদ জিয়ার দেশপ্রেম, আদর্শ ও উদ্দেশ্য ছিল এক ও অভিন্ন।
“ভাসানী স্বায়ত্ত্বশাসন, স্বাধিকার ও মুক্তিযুদ্ধের মূল চেতনাকে ধারণ করে জনগণের অর্থনৈতিক মুক্তি এবং গণতন্ত্র যাতে চিরস্থায়ী হয় সে জন্য রাস্তায় থেকে আন্দোলন করেছেন। মানুষের ভাত কাপড়ের অধিকার প্রশ্নে মওলানা ভাসানী কারো সাথে আপোষ করেনি।”
নোমান বলেন, এখন দেশে ভোটাধিকার, গণতন্ত্র ও মৌলিক অধিকার নেই। বেগম খালেদা জিয়া নির্বাচন কমিশন পুর্নগঠন নিয়ে যে প্রস্তাবনা দিয়েছেন তার আলোকে জাতীয় ঐক্য গড়ে তুলে নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে হবে।
আইনজীবী মোহাম্মদ কবির চৌধুরীর সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে ভাসানী অনুষারী পরিষদ নেতা রফিকুল ইসলাম বাবলু, শিক্ষাবিদ হাসিনা জাকারিয়া, বিএনপি নেতা জাহাঙ্গীর আলম চৌধুরী, এম এ সবুর বক্তব্য রাখেন।
