২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে তরুণ উদ্যোক্তা বাণিজ্যমেলা শুরু

চট্টগ্রামে তরুণ উদ্যোক্তাদের নিয়ে বাণিজ্যমেলা শুরু হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Nov 2016, 07:49 PM

Updated : 11 Oct 2022, 09:20 PM

শনিবার বিকালে নগরীর এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেসিয়াম অনুশীলন মাঠে প্রথমবারের মতো আয়োজিত ‘তরুণ উদ্যোক্তা বাণিজ্য মেলা’র উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন।

জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) চট্টগ্রাম কসমোপলিটনের আয়োজনে এ বাণিজ্যমেলার ৪২টি স্টল ও ছয়টি প্যাভেলিয়ানে তরুণ উদ্যোক্তাদের বিভিন্ন প্রতিষ্ঠান অংশ নিচ্ছে।

আয়োজকরা জানান, ১৫ দিনের এ মেলায় তথ্য প্রযুক্তি, সেবাখাত, শিল্পখাত, সার্ভিস ভিত্তিক কনজ্যুমারস পণ্য নিয়ে এ মেলায় তরুণ উদ্যোক্তারা অংশ নিচ্ছে।

তাদের মতে, তরুণ উদ্যোক্তাদের মধ্যে যোগাযোগ বাড়ানো এবং সহযোগিতার মাধ্যমে তরুণদের উদ্ভাবনী উদ্যোগ বাস্তবায়নের জন্যই এ মেলার আয়োজন।

উদ্বোধনী বক্তব্যে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন বলেন, স্বপ্ন ও আকাঙ্ক্ষা বাস্তবায়নের মাধ্যমে লক্ষ্যে পৌঁছানোর অনমনীয় দৃঢ়তা তরুণদের রয়েছে।

দেশ এগিয়ে যাচ্ছে মন্তব্য করে মেয়র বলেন, এ এগিয়ে যাওয়ায় তরুণ উদ্যোক্তারা প্রধান কারিগর। চলার পথে প্রতিবন্ধকতা থাকবে, তা কাটিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে।

Image
তরুণ উদ্যোক্তা বাণিজ্য মেলার উদ্বোধনীর সাংস্কৃতিক পর্ব

তরুণ উদ্যোক্তা বাণিজ্য মেলার উদ্বোধনীর সাংস্কৃতিক পর্ব

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবদুচ ছালাম, চট্টগ্রাম জেলা প্রশাসক সামসুল আরেফিন, চট্টগ্রাম চেম্বার সভাপতি মাহবুবুল আলম, চট্টগ্রাম ওমেন চেম্বারের সভাপতি কামরুন মালেক, ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম চট্টগ্রাম চ্যাপ্টারের সভাপতি এস এম আবু তৈয়ব, জুনিয়র চেম্বারের কেন্দ্রীয় সভাপতি সাখাওয়াত হোসেন।  

উদ্বোধনীতে অন্যদের মধ্যে জেসিআই চট্টগ্রামের প্রতিষ্ঠাতা সভাপতি নিয়াজ মোরশেদ এলিট, জেসিআই চট্টগ্রামের বর্তমান সভাপতি জসিম আহমেদ ও সহ-সভাপতি গিয়াস আহমেদ বক্তব্য রাখেন।

১৫ দিনের এ মেলায় প্রবেশ মূল্য রাখা হয়েছে ১০ টাকা। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত পর্যন্ত এ মেলা চলবে।