বাউবির চট্টগ্রাম ক্যাম্পাসে হবে পাখির অভয়াশ্রম
নগরায়ন ও শিল্পায়নের কারণে নীড়হারা পাখিদের জন্য বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের চট্টগ্রাম আঞ্চলিক কেন্দ্র ঘিরে ‘অভয়াশ্রম’ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।
বাউবি চট্টগ্রাম আঞ্চলিক কেন্দ্রের পরিচালক বদরুল হায়দার চৌধুরী জানান, সোমবার বাউবির পাহাড়ঘেরা এই ক্যাম্পাসে প্রো-উপাচার্য অধ্যাপক ড. খন্দকার মোকাদ্দেম হোসেন অভয়াশ্রমের উদ্বোধন করবেন।
বদরুল হায়দার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দিন দিন পাখিদের প্রতি সহিংসতা বাড়ছে। গ্রাম বাংলায় একসময় প্রচুর পাখির দেখা মিললেও দেশি গাছ কেটে অন্য প্রজাতির গাছ রোপন করায় পাখির আবাস ও খাদ্যের সংকট দেখা দিয়েছে।
“অন্যদিকে নাগরিক কোলাহলে কেবল কাকের দেখা মেলে, পাখির দেখা মেলে না। তাছাড়া অবাধে পাখি শিকারও পাখি কমে যাওয়ার অন্যতম বড় কারণ।”
পাখি রক্ষায় অভয়াশ্রমের এই উদ্যোগ বাউবি ক্যাম্পাসকে পাখিদের মিলনমেলায় পরিণত করবে বলে তার আশাবাদ।
অভয়াশ্রমের বিষয়ে তিনি বলেন, প্রাথমিকভাবে ক্যাম্পাসের গাছগুলোর চূড়ায় পাখিদের জন্য মাটির হাড়িতে বাসা তৈরি করা হবে; সঙ্গে থাকবে খাবার। পাখিদের প্রতি সহিংসতা রোধে ক্যাম্পাসজুড়ে সচেতনতামূলক স্লোগান লেখা ব্যানার ও ফেস্টুন লাগানো হবে।
বাউবির এই পরিচালক জানান, এখন ক্যাম্পাসে নিয়মিত খাবার ছিটিয়ে রাখায় ঘুঘুসহ বিভিন্ন প্রজাতির পাখির আনাগোনা বেড়েছে।
“আশা করছি বাউবির অভয়াশ্রমে নানা ধরনের পাখির মিলনমেলা বসবে; শরণার্থী পাখি খুঁজে পাবে নিরাপদ ঠিকানা।”
