২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এসএসসির ফরম পূরণে অতিরিক্ত ফি আদায়ের প্রতিবাদ ছাত্রলীগের

চট্টগ্রামের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের এসএসসি শিক্ষার্থীদের কাছ থেকে ফরম পূরণের জন্য বোর্ড নির্ধারিত ফি’র বেশি টাকা আদায়ের প্রতিবাদে আন্দোলনে নেমেছে নগর ছাত্রলীগ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2016, 09:52 PM

Updated : 20 Aug 2022, 02:16 PM

বৃহস্পতিবার আন্দোলন কর্মসূচির অংশ হিসেবে নগরীর বিভিন্ন বিদ্যালয়ের সামনে অবস্থান ও প্রতিবাদ সমাবেশ করেছে নগর ছাত্রলীগ।

নভেম্বরের প্রথম সপ্তাহ থেকে স্কুলগুলোতে অতিরিক্ত ফি নেওয়ার বিষয়ে তথ্য সংগ্রহের কাজ শুরু করে ছাত্রলীগের নেতাকর্মীরা।

এরপর অতিরিক্ত ফি আদায় হচ্ছে এবং কত বেশি টাকা আদায় হচ্ছে তার একটি তালিকা করে চট্টগ্রাম জেলা প্রশাসনে লিখিত অভিযোগও দেন তারা।

অভিযোগ পেয়ে নগরীর বিভিন্ন স্কুলের প্রধানদের সাথে ১৫ নভেম্বর বৈঠক করে অতিরিক্ত ফি ফেরত দেওয়ার নির্দেশ দেন চট্টগ্রামের জেলা প্রশাসক সামসুল আরেফিন।

এরপর নগরীর কয়েকটি স্কুল শিক্ষার্থীদের কাছ থেকে নেওয়া অতিরিক্ত ফি ফিরিয়ে দিচ্ছে বলে জানিয়েছেন ছাত্রলীগের নেতারা।

তবে সব বিদ্যালয়ে আদায় করা অতিরিক্ত টাকা ফেরত না দেওয়া পর্যন্ত ‘লুটের টাকা ফিরিয়ে দাও’ স্লোগানে শুরু হওয়া এ আন্দোলন চলবে বলে জানান ছাত্রলীগ নেতারা।

বৃহস্পতিবারের কর্মসূচির পর নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গত বছরও একই দাবিতে আমরা আন্দোলন করি। সেবার যেসব স্কুলে বাড়তি অর্থ আদায়ের বিষয়টা ধরা পড়েছিল তাদের অনেকেই এবার আর বেশি টাকা নেয়নি।

“নভেম্বরের প্রথম সপ্তাহ থেকেই বিদ্যালয়গুলোর শিক্ষার্থীদের কাছ থেকে বাড়তি টাকা নেওয়ার তথ্য পাচ্ছিলাম। কয়েকটি স্কুল অতিরিক্ত টাকার রশিদ পর্যন্ত দেয়নি।”

তথ্য সংগ্রহের পর ২৮টি বিদ্যালয়ের অতিরিক্ত টাকা আদায়ের বিষয়ে লিখিত অভিযোগ করে নগর ছাত্রলীগ।

২০১৭ সালের এসএসসি পরীক্ষায় বিজ্ঞানে এক হাজার ৭৮৫ টাকা, মানবিক ও ব্যবসায় শিক্ষায় এক হাজার ৬৯৫ টাকা ফরম পূরণের ফি নির্ধারণ করে শিক্ষাবোর্ড।

ছাত্রলীগের দেওয়া তালিকা অনুসারে, বিদ্যালয়গুলোতে সর্বনিম্ন দুই হাজার থেকে সর্বোচ্চ ১১ হাজার টাকা অতিরিক্ত আদায় করা হচ্ছে।

এ নিয়ে স্কুল প্রধানদের সঙ্গে গত ১৫ নভেম্বর বৈঠক করে চট্টগ্রামে জেলা প্রশাসক সামসুল আরেফিন শিক্ষার্থীদের কাছ থেকে নেওয়া অতিরিক্ত টাকা ফেরত দিতে নির্দেশ দেন।

ওই নির্দেশের পর কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান টাকা ফিরিয়ে দিতে শুরু করেছে বলেও জানান নুরুল আজিম রনি।

এর অংশ হিসেবে নগরীর কাঠগড়, স্টিলমিল, পাঁচলাইশ ও বায়েজিদ এলাকায় অবস্থান ও প্রতিবাদ সমাবেশ করে ছাত্রলীগ নেতাকর্মীরা। 

নুরুল আজিম রনি বলেন, “স্কুল ম্যানেজিং কমিটির নামে প্রভাবশালী মহল ছাত্রলীগ নেতাদের হুমকি দিয়ে যাচ্ছে। কিন্তু দরিদ্র পরিবারের সব সন্তানদের কাছ থেকে নেওয়া অতিরিক্ত সব টাকা ফিরিয়ে না দেওয়া পর্যন্ত আন্দোলন চলবে।”