কর্ণফুলীর বন্দর চ্যানেলে প্রতিবন্ধকতায় ১২ জাহাজকে জরিমানা
কর্ণফুলী নদীর বন্দর চ্যানেলে প্রতিবন্ধকতা সৃষ্টি এবং অতিরিক্ত পণ্য পরিবহনসহ নানা অপরাধে ১২টি লাইটার জাহাজকে মোট দুই লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার চট্টগ্রাম বন্দরের নির্বাহী ম্যাজিস্ট্রেট রোকেয়া পারভীন এই অভিযানে নেতৃত্ব দেন।
রোকেয়া পারভীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কর্ণফুলী নদীতে নৌযান রেখে চ্যানেলে প্রতিবন্ধকতা সৃষ্টি, অতিরিক্ত মালামাল বোঝাই, উপকূল অতিক্রমের সনদ না থাকায় এবং মেয়াদোত্তীর্ণ জীবন রক্ষাকারী সরঞ্জাম না রাখায় এসব লাইটারকে ইনল্যান্ড শিপিং অডিন্যান্স অনুসারে জরিমানা করা হয়।
অভিযানে যেসব জাহাজকে জরিমানা করা হয় সেগুলো হলো- এমভি চন্দ্রবান, এমভি হেরা পর্বত, এমভি আজমাইল, এমভি সবুজ, এমভি জামান, এমভি তাপস, এমভি সিপান-২, এমভি সেভেন সিজ, এমভি মৌ মনি, এমভি তুরসা, এমভি আসাদ-২ এবং এমভি সি মাস্টার।
দুপুর ১টার দিকে শুরু হয়ে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত চলে এ অভিযান।
