২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লাপাত্তা এনজিও’র কাছ থেকে টাকা ফেরত চেয়ে চট্টগ্রামে সড়ক অবরোধ

লাপাত্তা হয়ে যাওয়া এনজিও’র কাছ থেকে টাকা ফেরতের দাবিতে চট্টগ্রামে সড়ক অবরোধ করেছে শতাধিক নারী-পুরুষ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2016, 06:45 PM

Updated : 20 Aug 2022, 02:16 PM

বৃহস্পতিবার বেলা ৩টা থেকে নগরীর এনায়েত বাজার মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে অরগানাইজেশন অব সোস্যাল সার্ভিস অ্যান্ড এলিমিনেশন অব পোভার্টি (ওসেপ) এর প্রতারিত গ্রাহকরা।

গ্রাহকদের সবাই শ্রমজীবী মানুষ। টাকা ফেরতের নিশ্চয়তা ছাড়া সড়ক ছাড়বেন না বলে জানিয়েছেন তারা।

ওসেপ’র গ্রাহক জুতা কারখানা শ্রমিক জেসমিন আক্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চার বছর মেয়াদী কিস্তিতে টাকা জমা দিয়ে আসছি এতদিন। টাকা দেওয়ার সময় আসল সমিতি (ওসেপ) উধাও হয়ে গেছে আজ প্রায় এক সপ্তাহ।

নিজের দেড় লাখ টাকা পাওনা জানিয়ে তিনি বলেন, “অনেক কষ্টে জমানো টাকাগুলোই একমাত্র সম্বল ছিল। এই টাকাগুলো ফেরত না পেলে একেবারে নিঃস্ব হয়ে যাব।”

ওসেপ থেকে গার্মেন্টস শ্রমিক রেহানা বেগমের পাওনা প্রায় এক লাখ টাকা। গত চার বছর ধরে এ টাকা ওসেপকে দিয়েছেন তিনি।

রেহানা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “চার বছর মেয়াদে টাকা নিলেও চার বছর শেষে আরও একবছরের জন্য মেয়াদ বৃদ্ধি করে ওসেপ। আর মাত্র তিন মাস পর আমার পাঁচ বছর পূর্ণ হবে। এমন সময় লাপাত্তা হয়ে গেছে সমিতি (ওসেপ)।”

এনায়েত বাজার মোড়ে দায়িত্বপালনরত কোতোয়ালি থানার এসআই সাইফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, টাকা ফেরত পাওয়ার দাবিতে প্রায় শতাধিক নারী-পুরুষ দুই ঘণ্টার বেশি সময় ধরে সড়ক অবরোধ করে রাখে।

“আমরা তাদেরকে বুঝিয়ে সন্ধ্যা সোয়া ৫টার দিকে সড়ক থেকে সরিয়ে দিয়েছি।”

স্বেচ্ছা জামানতের নামে দৈনিক ভিত্তিতে গ্রাহকের কাছ থেকে টাকা নিত ওসেপ। ওসেপের প্রধান কার্যালয় কোতোয়ালি থানার বাটালি রোডের ডা. জসিম উদ্দিন ভবনে।