চট্টগ্রামে অবৈধ আমদানির অভিযোগে ইলেকট্রনিক্স পণ্য আটক
চট্টগ্রামের মাদারবাড়ি এলাকার একটি গোডাউন থেকে অবৈধভাবে আমদানি করা বিভিন্ন ব্র্যান্ডের নকল ইলেকট্রনিক্স পণ্য আটক করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।
বুধবার নগরীর পূর্ব মাদারবাড়ি এলাকার দারোগাহাট রোডে অবস্থিত ন্যাশনাল ট্রান্সপোর্টের গোডাউন থেকে এসব মালামাল জব্দ করা হয়।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক মইনুল খান জানান, গোডাউনটি থেকে জেনারেল, মিডিয়া, এলজি ও প্যানাসনিক ব্র্যান্ডের মোড়কে থাকা নকল ১১০০টি এয়ার কন্ডিশন যন্ত্র আটক করা হয়, যার আনুমানিক মূল্য প্রায় ১০ কোটি টাকা।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জব্দ করা পণ্যের গায়ের সাথে প্যাকেটের সিরিয়াল নম্বরের মিল নেই।এছাড়া এসব পণ্য মজুদের বৈধতাও নেই। এ থেকে বোঝা যায় বাইরে থেকে মিথ্যা ঘোষণা দিয়ে নকল পণ্য হিসেবে আমদানি করা হয়েছে।”
মইনুল খান জানান, কুমিল্লার বুড়িচংয়ের মেসার্স এলিট হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের নামে এসব পণ্য বাজারজাতকরণের জন্য মজুদ করা হয়। কিন্তু এসব পণ্যের বিপরীতে দাখিল করা মূসক চালান উপস্থাপন করলে যাচাই শেষে তা ভুয়া বলে বলে প্রমাণিত হয়।
শুল্ক ও গোয়েন্দা কর্মকর্তারা জানান, মিডিয়া, প্যানাসনিক, এলজিসহ বিখ্যাত ব্র্যান্ডের ইলেকট্রনিক্স পণ্য সাধারণত সংশ্লিষ্ট কোম্পানি ব্যতীত অন্য কোনো প্রতিষ্ঠান আমদানি করতে পারে না।
জব্দ করা এয়ার কন্ডিশনগুলোর মধ্যে ১০ টনের ১০০টি এবং বাকিগুলো এক টনের।
গুদামটি সিলগালা করে দেওয়া হয়েছে জানিয়ে শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা বলেন, আটক করা পণ্যগুলোর পূর্ণাঙ্গ তথ্য সংগ্রহ এবং এ ঘটনার সাথে যুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
