চট্টগ্রামে অনুমোদন ছাড়া রড উৎপাদনে ৫ কারখানাকে জরিমানা
বিএসটিআই’র অনুমোদন ছাড়া রড উৎপাদনের অপরাধে চট্টগ্রামের পাঁচটি স্টিল মিলকে ১৫ লাখ টাকা জরিমানা করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত।
বুধবার সীতাকুণ্ড উপজেলার কদম রসুল ও বাঁশবাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে র্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমান এ জরিমানা করেন।
জরিমানা করা পাঁচ স্টিল মিল হলো- আল সাফা স্টিল রি-রোলিং মিলস লিমিটেড, পেনিনসুলা স্টিল মিলস লিমিটেড, ব্রাদার্স স্টাফ ইন্ডাট্রিজ লিমিটেড, এইচ স্টিল রি-রোলিং মিলস এবং ইউনিক রি-রোলিং মিলস।
অভিযানে নেতৃত্ব দেওয়া ম্যাজিস্ট্রেট আনিসুর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিএসটিআই’র অনুমোদন ছাড়া আল সাফা স্টিল রি-রোলিং মিলস লিমিটেড ‘এএসআরএম’ ব্রান্ডের, পেনিনসুলা স্টিল মিলস ‘পিএসআরএম’ ব্রান্ডের ও এইচ স্টিল মিল ‘এইচএসআরএম’ ব্রান্ডের নাম দিয়ে লোহার রড তৈরি করে বাজারজাত করে থাকে।
এ অপরাধে প্রতিষ্ঠান তিনটিকে তিন লাখ করে নয় লাখ টাকা জরিমানা করা হয়।
ম্যাজিস্ট্রেট আনিসুর আরও জানান, একই অপরাধে ব্রাদার্স স্টাফ ইন্ডাট্রিজ লিমিটেড ও বাঁশবাড়িয়া ইউনিয়নের ইউনিক রি-রোলিং মিলকে তিন লাখ করে ছয় লাখ টাকা জরিমানা করা হয়।
তিনি জানান, মিল দুইটি রড উৎপাদন করলেও তারা সেগুলোর কোনো ব্রান্ডের নাম উল্লেখ করেনি।
