চট্টগ্রাম কাস্টম হাউজ থেকে ৪ ‘ফালতু’ আটক
চট্টগ্রাম কাস্টম হাউজে শুল্কায়নের কাজ করার সময় চারজন ‘ফালতু’কে আটক করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।
কাস্টম হাউজে জনবলের ঘাটতির অজুহাতে বহিরাগতরা বিভিন্ন শুল্কায়ন কার্যক্রমে সম্পৃক্ত হয়। এসব বহিরাগতরা ঘুষ ও অনৈতিক লেনদেনের মধ্যস্থতা করে। শুল্ক কর্মকর্তাদের কাছে এরা ‘ফালতু’ নামে পরিচিত।
বুধবার দুপুরে আটক ওই চারজন হলেন- আব্দুল কাদের (৪০), মো. মিজান (২৯), মহিন উদ্দিন (৩৫) ও মো. হোসেন (৩৫)।
এদের মধ্যে কাদেরকে কাস্টম হাউজের সেকশন ৫-এ, মিজানকে সেকশন-৪, মহিন উদ্দিনকে সেকশন-৫ এবং হোসেনকে সেকশন ৭-এ থেকে আটক করা হয় বলে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর চট্টগ্রামের উপ-পরিচালক শামীমুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
তিনি বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনায় অবস্থান নিয়ে দীর্ঘদিন ধরে তারা নথি ব্যবস্থাপনার দায়িত্ব পালন করছিল।
“এতে সরকারি কাজের গোপনীয়তা ক্ষুন্ন হয় এবং অনৈতিক কর্মকাণ্ডের সুযোগ সৃষ্টি হয়। একাধিকবার তাদের ওই স্থান ত্যাগের নির্দেশ দেওয়া হলেও তারা কর্ণপাত করেনি।”
গত ৮ নভেম্বর কাস্টম হাউজের পক্ষ থেকে এক নোটিসে অনুমতি ছাড়া অবস্থানকারী কাউকে দেখা গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছিল।
শুল্ক কর্মকর্তা শামীম বলেন, “ফালতুদের বিরুদ্ধে নথি গায়েব ও অসাধু ব্যবসায়ীদের পক্ষে তথ্য পাচারের অভিযোগ আছে। কাস্টম হাউজের মতো গুরুত্বপূর্ণ স্থাপনায় তাদের অবস্থান নিরাপত্তা ঝুঁকিও বয়ে আনতে পারে।”
চট্টগ্রাম কাস্টম হাউজের বিভিন্ন শাখায় প্রায় দেড়শজন ‘ফালতু’ সক্রিয় আছে বলে শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা জানান।
আটক চারজনকে শুল্ক গোয়েন্দার চট্টগ্রাম আঞ্চলিক দপ্তরে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরে তাদের বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান শামীমুর রহমান।
