চট্টগ্রামে সুপার রিফাইনারির কর্মী নদীতে নিখোঁজ
নৌকা থেকে পড়ে চট্টগ্রামের বেসরকারি তেল শোধানাগার সুপার রিফাইনারি লিমিটেডের এক কর্মচারী নিখোঁজ রয়েছেন।
বুধবার সকালে কর্ণফুলী নদীর পতেঙ্গা নয় নম্বর ঘাট থেকে অন্য তীরে যাওয়ার সময় নৌকা থেকে পড়ে যান সঞ্জয় দত্ত (৩০)।
ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক জসীম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সঞ্জয়ের খোঁজে তাদের ডুবুরি দল ঘটনাস্থলে তল্লাশি চালাচ্ছে।
জসীম উদ্দিন জানান, সুপার রিফাইনারির নিজস্ব নৌকায় নদী পার হচ্ছিলেন সঞ্জয়।
মাঝনদীতে তিনি কীভাবে নৌকা থেকে পড়ে গেলেন, সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।
তাৎক্ষণিকভাবে এ বিষয়ে সুপার রিফাইনারির বক্তব্য জানা যায়নি।
