চট্টগ্রামে স্কুলছাত্র অপহরণের অভিযোগে গ্রেপ্তার ৪
চট্টগ্রামে নবম শ্রেণির এক শিক্ষার্থীকে অপহরণে জড়িত অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার রাতভর অভিযান চালিয়ে চট্টগ্রাম নগরী ও বোয়ালখালী উপজেলা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
গ্রেপ্তার চারজন হলেন- মো. মহিউদ্দিন (৩৫), রাশেদুল হাসান (৩০), মো. নজরুল ইসলাম রোহান (২৮) ও মো. সাইফুল খান রানা (২৪)।
মো. মহিউদ্দিনকে অপহরণকাণ্ডের মূল পরিকল্পনাকারী জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, মহিউদ্দিন ও তার সহযোগীরা ৮ নভেম্বর বাদুরতলা আরাকান হাউজিং সোসাইটির নতুন কুঁড়ি আইডিয়াল স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী জায়েদ বিন ইদ্রিস নাহিদকে অপহরণ করে পরিবারের কাছ থেকে ১৯ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।
নাহিনকে পাঁচলাইশ থানার একুশে হাসপাতালের সামনে থেকে অপহরণ করা হয় জানিয়ে এতে বলা হয়, অপহরণের পর তাকে ফটিকছড়ির দুর্গম অঞ্চলে নিয়ে যায় অপহরণকারীরা। পরদিন পাঁচলাইশ থানায় নাহিনের পরিবার একটি মামলা করে।
“পুলিশ ১১ নভেম্বর ফটিকছড়ি থেকে নাহিনকে উদ্ধারের পর তার দেওয়া তথ্য নিয়ে সোমবার রাতভর অভিযান চালিয়ে চট্টগ্রামের বিভিন্ন জায়গা থেকে মূল পরিকল্পনাকারীসহ চার অপহরণকারীকে গ্রেপ্তার করে পুলিশ।”
আসামিরা আদালতে অপহরণের সাথে জড়িত থাকার স্বীকার করে জবানবন্দি দিয়েছে বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।
