২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাম্প্রদায়িক শক্তিকে পরাজিত করতে বাঙালির সব উৎসব পালনের আহ্বান

বাঙালির সব ধরনের উৎসব আয়োজনের মধ্য দিয়ে সাম্প্রদায়িক শক্তিকে পরাজিত করার আহ্বান জানিয়েছেন শহীদজায়া বেগম মুশতারী শফী।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2016, 09:02 PM

Updated : 11 Oct 2022, 09:02 PM

সোমবার বিকালে চট্টগ্রামে দ্বিতীয় নবান্ন উৎসবের উদ্বোধনীতে তিনি বলেন, “চট্টগ্রামসহ সারাদেশে তেমনভাবে কোনো উৎসব এখন আর পালিত হয় না। অনেক লড়াই সংগ্রামের এ দেশে গত ৪৫ বছরে একের পর এক মর্মান্তিক ঘটনা ঘটে চলেছে।

“মাইক বাজিয়ে শুধু রাজনৈতিক বক্তব্য আর মিলাদ মাহফিল হয় জোরেসোরে, কিন্তু উৎসব হয় না। নবান্ন বাঙালির প্রাণের উৎসব, এ উৎসব যেন থেমে না যায়। যত বেশি করে পহেলা বৈশাল, নবান্ন, পৌষ, বর্ষা আর বসন্ত উৎসব হবে তত বেশি বাঙালি সংস্কৃতি লালিত হবে। যত উৎসব করব তত মৌলবাদী শক্তি দূর হবে।’’

চট্টগ্রাম নগরীর ডিসি হিল চত্বরে এই দ্বিতীয় নবান্ন উৎসবের আয়োজন করে ‘শিশুমেলা’।

এতে মুশতারী শফী বলেন, “আজ যখন আমরা উৎসবে মিলেছি- তখন সারাদেশে ব্রাহ্মণবাড়িয়া, দিনাজপুর, রংপুরে কী হচ্ছে? এসব হত্যা আগুন আর হাহাকার বন্ধ করতে হবে। বাঙালির উৎসব মানুষের কাছে পৌঁছে দিতে হবে।”

উদ্বোধনীর অতিথি অধ্যক্ষ রীতা দত্ত বলেন, এখন শিশুরা বাঙালি ঐতিহ্য নয় পাশ্চাত্য ভাবধারার অনুকরণ করছে। শিশুরা এখন মাছ পাখি ফুল গ্রাম চেনে না।

“বিশ্বের সাথে যোগাযোগ রাখতে হবে তবে বাংলা সংস্কৃতিকে বিসর্জন দিয়ে নয়। নিজের সংস্কৃতিকে ধারণ করে মাটির কাছাকাছি থেকে মেধা মননে এগিয়ে যেতে হবে।”

শুরুতে চট্টগ্রামের সাতকানিয়া থেকে আসা নেজাম উদ্দিন, নিতাই দাশ ও মো. সেলিম নামের তিন কৃষককে সঙ্গে নিয়ে অতিথিরা উৎসবের উদ্বোধন করেন।

উৎসব কমিটির চেয়ারম্যান একিউএম সিরাজুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনীর আলোচনায় অন্যদের মধ্যে উৎসব কমিটির আহ্বায়ক কাউন্সিলর শৈবাল দাশ সুমন, সঙ্গীত পরিচালক বাসুদেব ঘোষ, সদস্য সচিব রুবেল দাশ প্রিন্স, পরিষদের প্রধান সমন্বয়কারী শরীফ চৌহান বক্তব্য রাখেন।

উদ্বোধনের পর ভায়োলেনিস্ট’স টিচাগাং এর শিল্পীদের বেহালা বাদনের মধ্য দিয়ে শুরু হয় উৎসবের অনুষ্ঠান। তারপর নিষ্পাপ অটিজম স্কুলের বিশেষভাবে সক্ষম শিশুরা পরিবেশন করে নাচ।

অনুষ্ঠান পরিবেশনায় অংশ নেয় খেলাঘর চট্টগ্রাম মহানগরী, স্কুল অব ওরিয়েন্টাল ডান্স, নৃত্যম একাডেমি। এছাড়া একক সঙ্গীত পরিবেশন করেন ইলমা বিনতে বখতেয়ার, পূর্ণ চন্দ্র রায়, গীতা আচার্য্য ও জনি বড়–য়া।