রিজেন্ট এয়ারওয়েজের ছয় রুটের টিকেটে ছাড়
ছয়বছর পূর্তিতে পাঁচ আন্তর্জাতিক ও এক অভ্যন্তরীণ রুটের টিকিটে ৫০ শতাংশ পর্যন্ত ছাড় দিয়েছে দেশের অন্যতম শীর্ষ বেসরকারি বিমান সংস্থা রিজেন্ট এয়ারওয়েজ।
বুধবার প্রতিষ্ঠানটির এক বিজ্ঞপ্তিতে বলা হয়, মাসব্যাপী এই অফারে ১৩ ডিসেম্বরের মধ্যে টিকিট কিংবা প্যাকেজ নিতে হবে। এ সুবিধায় আগামী বছরের ৬ জানুয়ারি থেকে ২৮ অক্টোবর পর্যন্ত নিজেদের পছন্দমতো সময়ে ভ্রমণ করা যাবে।
এতে বলা হয়, এ ছাড়ের আওতায় সব ধরনের শুল্কসহ ঢাকা ও চট্টগ্রাম থেকে ব্যাংকক যাওয়া-আসা ১৪ হাজার ৪৯৯ টাকা, কলকাতা রুটে সাত হাজার ৪৯৯ এবং মাসকাট রুটে ২০ হাজার ৪০০ টাকা পড়বে।
এছাড়া এই ছাড়ে ঢাকা থেকে কুয়ালালামপুর যাওয়া-আসা ১৬ হাজার ৯৯৯ টাকা, সিঙ্গাপুর রুটে ২১ হাজার ৯৯৯ টাকা এবং কক্সবাজার রুটে পাঁচ হাজার ৯৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে।
রিজেন্টের হেড অব মার্কেটিং আনিসুল আলম চৌধুরী জানান, বাংলাদেশি এয়ারলাইন্সের মধ্যে আমরাই ২০১৩ সাল থেকে এ ধরনের বিশেষ অফার দিয়ে আসছি। সাশ্রয়ী ও কোনো বাড়তি চার্জ না থাকায় গত তিনবছর এর সুযোগ নিয়ে মানুষ দেশ-বিদেশ ভ্রমণ করেছেন। এবার এ সুবিধা আরো বাড়ানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সব শ্রেণির মানুষ বিশেষ করে মধ্যবিত্তদের বেড়ানো সহজ ও সাশ্রয়ী করতে প্রতিবার বর্ষপূর্তিতে মূল্যছাড়ের এই বিশেষ অফার দিয়ে থাকে বেসরকারি এই বিমান সংস্থাটি। টিকিটের সাথে ল্যান্ড প্যাকেজেও বিশেষ ছাড় দিয়েছে রিজেন্ট এয়ারের সহযোগী প্রতিষ্ঠান রিজেন্ট হলিডেজ।
এ অফারে ব্রেকফাস্টসহ হোটেল, বিমানবন্দর টান্সফার, ট্যুরিস্ট সিম কার্ড সুবিধার প্যাকেজে ব্যাংককে তিনদিন দুই রাত জনপ্রতি চার হাজার ৩০০ টাকা, ব্যাংকক-পাতায়া পাঁচদিন চার রাত নয় হাজার টাকা, ব্যাংকক-ফুকেট পাঁচদিন চার রাত ১৯ হাজার ৫০০ টাকা, কুয়ালালামপুর চারদিন তিনরাত ১০ হাজার ১০০ টাকা এবং সিঙ্গাপুরে তিনদিন দুইরাত আট হাজার ৯০০ টাকা রাখা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রিজেন্ট এয়ারের দেশব্যাপী সকল সেলস সেন্টার থেকে সাশ্রয়ী মূল্যের এই টিকিট ও ল্যান্ড প্যাকেজ পাওয়া যাচ্ছে। বিস্তারিত জানতে ০৯৬-১২-৬৬৯৯১১ হটলাইন অথবা সংস্থাটির ওয়েবসাইট ও ফেইসবুকে যোগাযোগ করতে বলা হয়েছে।
এ অফারে স্ট্যান্ডাড চার্টাড ব্যাংক, ইস্টার্ন ব্যাংক (ইবিএল) ও সিটি ব্যাংক এর ক্রেডিট কার্ড গ্রাহকরা ইএমআই সুবিধায় সুদ ছাড়া সহজ কিস্তিতে টিকিট কিনতে পারবেন।
