সিআইইউতে শিক্ষার্থীদের জন্য ‘কর্পোরেট টক’
কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে শিক্ষার্থীদের কঠোর পরিশ্রমের ওপর গুরুত্ব দিয়েছেন চট্টগ্রামের শীর্ষ ব্যবসায়িক গ্রুপ পিএইপি’র চেয়ারম্যান মিজানুর রহমান।
শনিবার চিটাগাং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি (সিআইইউ) ক্যাম্পাসে ‘সিআইইউ-রয়েল সিমেন্ট কর্পোরেট টক’ অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে এ কথা বলেন তিনি।
মিজানুর রহমান বলেন, শিক্ষার্থীদের সময়ানুবর্তীতার পাশাপাশি কঠোর পরিশ্রম করতে হবে। প্রয়োজনের অতিরিক্ত কাজ করতে হবে; নিজের কাজ এবং প্রতিষ্ঠানের প্রতি যত্মশীল হতে হবে।
একইসঙ্গে নিজেকে সর্বোপরি ভালো মানুষ হিসেবে গড়ে তুলে মানবীয় গুণ অর্জন করতে হবে বলে মন্তব্য করেন তিনি।
মিজানুর রহমান শিক্ষার্থীদের চাকরির চিন্তা বাদ দিয়ে উদ্যোক্তা হওয়ার আহ্বান জানিয়ে বলেন, “উদ্যোক্তা হয়ে কর্মসংস্থানের ব্যবস্থা কর।”
চরিত্রহীন বিদ্যাকে মূল্যহীন মন্তব্য করে তিনি বলেন, “পুরো জাতি তরুণদের দিকে চেয়ে আছে। আমাদের মহান স্বাধীনতাকে অর্থবহ করতে সবাইকে নিবেদিত হয়ে এবং নিষ্ঠার সাথে কাজ করতে হবে। নিজেদের সক্ষমতা অনেক উঁচু স্থানে নিয়ে যাবে।”
শিক্ষার্থীদের কর্পোরেট জগৎ সম্বন্ধে ধারণা প্রদান এবং ভবিষ্যতে নেতৃত্বকে অনুপ্রাণিত করতে ধারাবাহিক অনুষ্ঠানের অংশ হিসেবে সিআইইউ, রয়েল সিমেন্টের সাথে যৌথভাবে এ ‘কর্পোরেট টক’ অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সংসদ সদস্য ওয়াসিকা আয়েশা খান এবংসিআইইউ’র উপাচার্য ড. মাহফুজুল হক চৌধুরী।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ছাড়াও বিভিন্ন বিভাগ ও অনুষদের প্রধানরা উপস্থিত ছিলেন।
