২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে যুবককে খুন করে আত্মহত‌্যা বলে চালানোর চেষ্টা

চট্টগ্রামের টেরিবাজার এলাকায় একটি বিপণি বিতান থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ, যাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

চট্টগ্রাম ব‌্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2016, 08:48 PM

Updated : 11 Oct 2022, 09:01 PM

বৃহস্পতিবার বিকালে নুর মার্কেটের পেছনে এ কবির মার্কেটের দ্বিতীয় তলার একটি কক্ষ থেকে মো. ফারুকের (১৯) লাশটি উদ্ধার করা হয়।।

ফারুক সাতকানিয়া উপজেলার মাদারসা ইউনিয়নের রূপনগর গ্রামের নুরুল আলমের ছেলে।

পরিবারের দাবি, পাওনা টাকা আদায়ের কথা বলে ফারুককে ধরে এনে দোকান মালিক ও টেরিবাজার ব্যবসায়ী সমিতির এক নেতা পিটিয়ে হত্যা করেছে।

নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (দক্ষিণ) শাহ মো. আব্দুর রউফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ‘আত্মহত্যার’ খবর শুনে পুলিশ গেলেও লাশ দেখে হত‌্যার সন্দেহ করছেন তারাও।

“কক্ষে মাটিতে শোয়ানো অবস্থায় লাশটি পাওয়া যায়। প্রাথমিকভাবে মনে হচ্ছে, এটি আত্মহত্যা নয়। গলায় দঁড়ি পেঁচিয়ে যুবকটিকে হত্যা করা হয়েছে।”

নিহতের ছোট ভাই মো. ছাদেক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ফারুক নূর মার্কেটের জিএস ক্লথ স্টোর নামে একটি দোকানে চাকরি করতেন। প্রায় দুই বছর কাজ করার পর ফারুক কাজ ছেড়ে দিয়ে রেয়াজউদ্দিন বাজারে একটি জুতার দোকানে কাজ নেন।

“পাওনা টাকার কথা বলে ফারুককে গত (বুধবার) রাতে রেয়াজউদ্দিন বাজার থেকে টেরিবাজার ধরে নিয়ে আসা হয়।”

যে দোকান থেকে ফারুকের লাশ উদ্ধার করা হয়েছে, তা জিএস স্টোরের গুদাম বলে জানান ছাদেক।

“রাতে দোকান মালিক সমিতির নেতা মাহবুব আমাকে ডেকে বলেছিল, ফারুক জিএস স্টোরে চাকরি করার সময় ৬৭ হাজার ৭০০ টাকা আত্মসাৎ করেছে। টাকা না পাওয়া পর্যন্ত তাকে বেঁধে রাখা হবে।”

ওই গুদামে মাহবুব ছাড়াও দোকান মালিক গিয়াস, ম্যানেজার নাছির, দোকান কর্মচারী তারেক, সাহেদকে দেখতে পান বলে পুলিশকে জানিয়েছে ছাদেক।

ফারুকের মা ছেনুয়ারা বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রাতে ছাদেক আমাকে জানায়, ফারুকের কাছ থেকে দোকান মালিকের ৬৭ হাজার টাকা পাওনা রয়েছে। টাকা দিতে না পারায় তাকে দোকানে এনে বেঁধে রাখা হয়েছে।

“সকালে গরু বিক্রি করে টাকা নিয়ে আমি দোকানে আসি। মালিকের কাছ থেকে ফারুকের খোঁজ জানতে চাইলে মাহবুবকে ডেকে আনেন।”

ছাদেক বলেন, “মাহবুবকে ডেকে আনার পর সে আমাদের জানায় টাকা আদায়ের জন্য ফারুককে সমিতির কাছে তুলে দেওয়া হয়েছে। এরপর আমরা বিভিন্ন স্থানে খোঁজ নেওয়ার সময় শুনতে পাই মার্কেটে এক ছেলে আত্মহত্যা করেছে। এসে শোয়ানো অবস্থায় ফারুকের লাশটি দেখতে পাই।”

পুলিশ কর্মকর্তা রউফ বলেন, ফারুকের শরীরে বড় কোনো আঘাতের চিহ্ন দেখা না গেলেও গলার বাম পাশে দাগ রয়েছে। এসময় দোকানের ছাদে একটি দঁড়ি টাঙানো ছিল।

তিনি বলেন, “আত্মহত্যা বলে প্রচারণা চালিয়ে পুলিশকে ‘বিভ্রান্ত’ করার চেষ্টা করেছে হত্যাকারীরা।”

নিহতের ভাই ছাদেক দোকান মালিক গিয়াস, সমিতির নেতা মাহবুবসহ যাদের নাম বলেছে তাদের ধরতে পুলিশ অভিযান শুরু করেছে।

মাহবুব টেরিবাজার দোকান মালিক সমিতির আইন বিষয়ক সম্পাদক বলে জানিয়েছে দোকান মালিক ও কর্মচারীরা।

তার সঙ্গে টেলিফোনে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি।