পরিবেশ দূষণে চট্টগ্রামে ১০ প্রতিষ্ঠানকে জরিমানা
পরিবেশ দূষণের অপরাধে চট্টগ্রামে ১০টি প্রতিষ্ঠানকে পাঁচ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।
বৃহস্পতিবার নগরীর সিটি গেইট ও কালুরঘাট শিল্প এলাকায় এ অভিযান চালানো হয়।
অধিদপ্তরের চট্টগ্রাম মহানগর কার্যালয়ের পরিচালক আজাদুর রহমান মল্লিকের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অধিদপ্তরের চট্টগ্রাম মহানগর কর্মকর্তা খন্দকার মো. তাহাজ্জুত আলী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কালুরঘাট শিল্প এলাকায় অভিযান চালিয়ে তরল বর্জ্য অপসারণ ও পরিবেশ দূষণের অভিযোগে মেঘনা সি ফুডস, বেইস টেক্সটাইল, প্যাসিফিক সি ফুড, প্যাসিফিক পেপার মিল, চিটাগং এশিয়ান পেপার মিলস, আরামিট থাই অ্যালুমুনিয়াম, চৌধুরী অ্যান্ড কোম্পানি, সরোয়ার লিমিটেড ও স্মার্ট জিন্স নামে নয়টি প্রতিষ্ঠানকে পাঁচ লাখ ২৭ হাজার টাকা জরিমানা করা হয়।
পাশাপাশি সিটি গেইট এলাকা থেকে পাঁচ টন নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয় বলে জানানো হয় এতে।
অভিযানের সময় পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম মহানগর কার্যালয়ের উপ-পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহিদুর রহমান উপস্থিত ছিলেন।
