জেডিসি পরীক্ষা: বাঁশখালীর সব ইউপির ভোট ফের স্থগিত
চলমান জুনিয়র দাখিল সার্টিফিকেট-জেডিসি পরীক্ষার কারণে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ১২ নভেম্বরের ইউনিয়ন পরিষদ নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন।
বুধবার এ সংক্রান্ত ইসির নির্দেশনা পেয়েছেন বলে জানান চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা আবদুল বাতেন।
গত ৪ জুন শেষ ধাপে চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় সব ইউপিতে ভোটের দিন নির্ধারিত ছিল।
ভোটের আগে উপজেলা নির্বাচন কর্মকর্তাকে স্থানীয় সাংসদের মারধরের পর ১১ ইউপিতে ভোট স্থগিত করা হয়। এছাড়া ঘূর্ণিঝড় রোয়ানুর ক্ষতির কারণে আরও তিন ইউপির ভোটও বন্ধ রাখা হয়।
এই ১৪টির মধ্যে বাঁশখালী উপজেলার সাধনপুর বাদে বাকি ১৩টি ইউপিতে চেয়ারম্যানসহ সব পদে পুনঃভোটের তারিখ নির্ধারণ করা হয় ১২ নভেম্বর।
আবদুল বাতেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এবার ১২ নভেম্বর জেডিসি পরীক্ষা থাকায় সংশ্লিষ্ট ইউপি’র নির্বাচন স্থগিত করে ইসি। পরে সুবিধাজনক সময়ে ভোটের তারিখ দেবে কমিশন।”
১২ নভেম্বর শনিবার জেডিসি’র গণিত পরীক্ষা রয়েছে।
একই দিন অন্যান্য জেলায় আটকে থাকা আরও আটটি ইউপিতেও পুনঃভোট হবে।
এ বিষয়ে ইসির সহকারী সচিব আশফাকুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বাঁশখালী উপজেলার ইউপি বাদে বাকি অন্য এলাকায় ৮ ইউপি’র ভোট ১২ নভেম্বর অনুষ্ঠিত হবে।”
এসব ইউপি হচ্ছে- কাপ্তাইয়ের চন্দ্রঘোনা, মনোহরগঞ্জের সরসপুর, সুন্দরগঞ্জের কাপাসিয়া, উল্লাপাড়ার বড়হর, বেলকুচির বড়ধুল, চৌহালির ঘোরজান, সিরাজগঞ্জের কাওয়াকোলা, শাহজাদপুরের গালা।
