আসছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মোবাইল অ্যাপ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভিন্ন তথ্য ও আইন নিয়ে তৈরি করা হয়েছে মোবাইল অ্যাপ্লিকেশন (অ্যাপ), যার মাধ্যমে মাদক বেচাকেনার যেকোনো অভিযোগ ও অপরাধী সম্পর্কে তথ্যও জানাতে পারবেন যে কেউ।
আগামী কিছুদিনের মধ্যেই বিভিন্ন তথ্যসম্বলিত এ অ্যাপটি সাধারণের জন্য উন্মুক্ত করা হবে বলে জানিয়েছেন অধিদপ্তরের পরিচালক (অপারেশনস ও গোয়েন্দা) সৈয়দ তৌফিক উদ্দিন আহমেদ।
অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের সহকারী পরিচালক জিল্লুর রহমান এ মোবাইল অ্যাপটি তৈরি করেছেন।
জিল্লুর জানান, এ অ্যাপের মাধ্যমে যে কোনো মানুষ তার ও পাশ্ববর্তী জেলার নিবন্ধিত মাদকাশক্তি নিরাময় কেন্দ্রের তালিকা ও ঠিকানা জানতে পারবেন। পাশাপাশি নিরাময় কেন্দ্র বিধিমালা সম্পর্কেও সচেতন হতে পারবে মানুষ।
অ্যাপটির এই নির্মাতা আরও জানান, আ্যপটির মাধ্যমে যে কেউ সহজেই বিভিন্ন মাদকের পরিচিতি ও সেগুলো সেবনের কুফলের বিষয়টিও জানতে পারবেন।
এর মাধ্যমে মাদক সেবন নিয়ে মানুষ সচেতন হতে পারবে বলেও ধারণা অধিদপ্তরের এ কর্মকর্তার।
এদিকে মাদক সেবনের কুফলের পাশাপাশি মাদকবিরোধী বিভিন্ন স্লোগানও অ্যাপটিতে রাখা হয়েছে।
তৌফিক উদ্দিন আহমদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আগে সাধারণ মানুষের কাছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সম্পর্কে ধারণা ছিল না। এখন অধিদপ্তরের কলেবর বাড়ানোর পাশাপাশি সাধারণ মানুষদের মধ্যে পরিচিতিও লাভ করেছে।
