পতেঙ্গায় সিসিসির উচ্ছেদ অভিযান
রাষ্ট্রপতির চট্টগ্রাম সফরের আগে পতেঙ্গায় বিমানবন্দর সংলগ্ন এলাকায় সিটি করপোরেশনের (সিসিসি) অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান অব্যাহত রয়েছে।
সোমবার পতেঙ্গার ইশা খাঁ গেইট থেকে শুরু হয়ে সৈকত ও কর্ণফুলী নদী তীরবর্তী এলাকার প্রায় তিন কিলোমিটার এলাকায় অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত।
ভ্রমণপিয়াসী মানুষের আনাগোনায় থাকায় পতেঙ্গার কর্ণফুলী তীরবর্তী সড়কের একপাশে গড়ে উঠা অসংখ্য দোকান রয়েছে। রাষ্ট্রপতির সফরের আগে ফুটপাতে থাকা এসব দোকান উচ্ছেদে নেমেছে সিসিসি।
সিসিসির ভ্রাম্যমাণ আদালতের বেঞ্চ সহকারী মো. জাফর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সড়কে মালামাল রেখে পথচারী চলাচলে ব্যঘাত সৃষ্টি করায় চার ব্যক্তিকে মোট ১৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এছাড়াও প্রায় তিন কিলোমিটার এলাকা থেকে দুই শতাধিক দোকান উচ্ছেদ করা হয় বলে জানান তিনি।
মঙ্গলবার নৌবাহিনীর একটি অনুষ্ঠানে অংশ নিতে চট্টগ্রাম আসবেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।
