চট্টগ্রাম জেলা পুলিশে জনবল বাড়ছে
চট্টগ্রাম জেলা পুলিশের আড়াই হাজার লোকবলের সঙ্গে নতুন যুক্ত হচ্ছে আরও পাঁচ শতাধিক সদস্য।
অতিরিক্ত জনবল নিয়োগের পর জেলার ১৬টি থানার চারটি সার্কেল ভেঙে সাতটি করার প্রক্রিয়াও সম্পন্ন হয়েছে বলে জানান তিনি।
জেলা পুলিশ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, বর্তমানে চট্টগ্রাম জেলায় বর্তমান জনবল আছে ২ হাজার ৫৮৫ জন।
এর মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার চারজন, জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার একজন, সহকারী পুলিশ সুপার সাতজন, পরিদর্শক (নিরস্ত্র) ৩৬, টিআই (টাউন ইন্সপেক্টর) ৩, সহকারী পরিদর্শক (এসআই, নিরস্ত্র) ১৯৬, এসআই (সশস্ত্র) ২৮, এসআই (টিআর) ১০, মহিলা এসআই ৫, সার্জেন্ট ১২, টিএসআই ৪, এএসআই (নিরস্ত্র) ১৩০, এএসআই (সশস্ত্র) ৭১, মহিলা এএসআই ৫, এটিএসআই ২৯, নায়েক ৭৭ এবং কনস্টেবল (নিরস্ত্র) ১০৮৬, সশস্ত্র ৭৬৯ ও মহিলা কনস্টেবল ১৩ জন।
চট্টগ্রাম জেলার ১৬টি থানা, পুলিশ লাইন্স, ট্রাফিক বিভাগ ও জেলা পুলিশ সদর দপ্তরে এরা কর্মরত।
চট্টগ্রামের পুলিশ সুপার নুরে আলম মিনা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বর্তমান জনবলের মধ্যে কনস্টেবল থেকে শুরু করে অতিরিক্ত পুলিশ সুপার পর্যন্ত বিভিন্ন পদে নতুন লোকবল যুক্ত হবে।
ইতোমধ্যে পদোন্নতি পাওয়া বেশ কয়েকজন কর্মকর্তা বর্তমান জনবলের সঙ্গে যুক্ত হতে শুরু করেছে বলেও জানান তিনি।
বর্তমান জনবলের সঙ্গে নতুন করে যুক্ত হচ্ছে আরও চারজন করে অতিরিক্ত ও সহকারী পুলিশ সুপার, ৫৩ জন পরিদর্শক, এসআই ১২১ জন, সার্জেন্ট দুজন, এএসআই (নিরস্ত্র) ১২০ জন, এএসআই (সশস্ত্র) ২০ জন, এটিএসআই পাঁচ জন, নায়েক চারজন ও কনস্টেবল ১২৭ জন।
অনুমোদন পাওয়া নতুন জনবলগুলো পর্যায়ক্রমে যুক্ত হবে জানিয়ে পুলিশ সুপার মিনা বলেন, পদোন্নতি পাওয়া কর্মকর্তারা পর্যায়ক্রমে যুক্ত হচ্ছেন। কনস্টেবল থেকে অনেকে পদোন্নতি পাওয়ায় কনেস্টবল পদ শূন্য হয়েছে। নতুন করে নিয়োগ পাওয়া কনস্টেবল, এসআই ও এএসপিরা প্রশিক্ষণ শেষে পর্যায়ক্রমে যুক্ত হবে।
বর্তমানে ১৬টি থানা নিয়ে গঠিত সীতাকুণ্ড, রাউজান, পটিয়া ও সাতকানিয়া চারটি সার্কেলকে ভেঙে সাতটি সার্কেল করা হয়েছে।
সীতাকুণ্ড সার্কেল থেকে আলাদা করে মিরসরাই ও জোরারগঞ্জ থানা নিয়ে মিরসরাই সার্কেল, পটিয়া ও সাতকানিয়া সার্কেল ভেঙে আনোয়ারা, বাঁশখালী ও চন্দনাইশ থানা নিয়ে আনোয়ারা সার্কেল, হাটহাজারী থেকে রাউজান ও রাঙ্গুনিয়া থানাকে আলাদা করে রাঙ্গুনিয়া সার্কেল করা হয়েছে।
পুলিশ কর্মকর্তা রেজাউল মাসুদ জানান, নতুন পদায়ন হওয়া অতিরিক্ত পুলিশ সুপাররা থাকবেন পুরনো সীতাকুণ্ড, হাটহাজারী, পটিয়া ও সাতকানিয়া সার্কেলের দায়িত্বে। নতুন হওয়া সার্কেলগুলোর দায়িত্বে থাকবেন সহকারী পুলিশ সুপাররা।
এছাড়া বর্তমানে থাকা জ্যেষ্ঠ অতিরিক্ত পুলিশ সুপাররা থাকবেন যথাক্রমে উত্তর, দক্ষিণ জোন, বিশেষ শাখা ও সদর দপ্তরের দায়িত্বে।
চট্টগ্রাম জেলায় র্যাংক ব্যাজ ২৩৩ জনকে
পুলিশ কর্মকর্তা রেজাউল মাসুদ জানান, চট্টগ্রাম জেলায় পদোন্নতি পাওয়া ২৩৩ জন পুলিশ সদস্যকে রোববার র্যাংক ব্যাজ দেওয়া হয়েছে।
জেলা পুলিশ লাইন্সে সকালে নুরে আলম মিনা তাদের র্যাংক ব্যাজ পরিয়ে দেন।
পদোন্নতি পাওয়াদের মধ্যে আছেন কনস্টেবল থেকে এএসআই হওয়া ১৭৪ জন, এটিএসআই পাঁচজন, এএসআই থেকে এসআই হয়েছেন ৫৪ জন পুলিশ সদস্য।
রেজাউল বলেন, “প্রধানমন্ত্রীর ৫০ হাজার লোকবল নিয়োগের ঘোষণার অংশ হিসেবে ৩৫ হাজার ৯৫ পদে নিয়োগপ্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এর অংশ হিসেবে এ পুলিশ সদস্যরা পদোন্নতি পেয়েছেন।”
