নিম্নচাপ: দিনভর বৃষ্টিতে ভোগান্তি চট্টগ্রামে
গভীর নিম্নচাপের প্রভাবে দিনভর বৃষ্টিতে ভোগান্তিতে পড়েছে চট্টগ্রাম নগরবাসী।
শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মুষলধারে বর্ষণ অব্যাহত থাকায় সাধারণ পথচারী, শিক্ষার্থী ও অফিসফেরত লোকজন চরম দুর্ভোগে পড়েন। টানা বর্ষণের কারণে নগরীর রাস্তাঘাট যানবাহন শুন্য হয়ে পড়ায় এ দুর্ভোগ দ্বিগুণ হয় নগরবাসীর।
নগরীর আন্দরকিল্লার বাসিন্দা বেসরকারি উন্নয়ন সংস্থায় কর্মরত জুঁই করবী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মুষলধারে বর্ষণের কারণে সড়কে কোনো যানবাহন না থাকায় সকালে অফিসে যেতে ভোগান্তিতে পড়েছি।
“বিকালে ফেরার পথে দুর্ভোগ ছিল তার চেয়ে কয়েকগুণ বেশি। বাড়তি ভাড়া দিয়েও যানবাহন পাওয়া যাচ্ছিল না।”
শনিবার সন্ধ্যা পর্যন্ত ৪২ মিমি বৃষ্টিপাত রেকর্ড করেছে চট্টগ্রাম আবহাওয়া অধিদপ্তর। বৃষ্টির কারণে নগরীর তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে হ্রাস পেয়েছে।
চট্টগ্রাম আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ মো. আবদুল হান্নান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সন্ধ্যা ৬টা নাগাদ দক্ষিণ আন্দামান সাগরে সৃষ্ট নিম্নচাপটি চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে ৪৯৫ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল।
“এর প্রভাবে নগরীতে দিনভর বৃষ্টিপাত হয়েছে। রোববার সন্ধ্যা পর্যন্ত এ বর্ষণ অব্যাহত থাকবে।”
গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রুপান্তরিত হওয়ার সম্ভবনা একেবারেই কম জানিয়ে তিনি বলেন, আগামীকাল সন্ধ্যা পর্যন্ত বৃষ্টি ঝড়িয়ে সেটি দুর্বল হয়ে যাবে।
“গত মঙ্গলবার (১ নভেম্বর) দক্ষিণ আন্দামান সাগরে নিম্নচাপটি তৈরি হয়ে বুধবারের (২ নভেম্বর) দিকে সেটি সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়। শুক্রবার নিম্নচাপটি বঙ্গোপসাগরে আসে।”
এদিকে নিম্নচাপের প্রভাবে টানা বর্ষণে চট্টগ্রামের কোথাও জলাবদ্ধতার কোনো খবর পাওয়া যায়নি। তবে বর্ষণের প্রভাবে চট্টগ্রামের তাপমাত্রা হ্রাস পেয়েছে। চট্টগ্রাম বন্দরকে ৪ নম্বর হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
এদিকে বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম আন্তর্জাতিক শাহ আমানত বিমানবন্দরে দুইটি আন্তর্জাতিক ফ্লাইট অবতরণ করতে পারেনি।
শাহ আমানত বিমানবন্দরের স্টেশন ম্যানেজার উইং কমান্ডার রিয়াজুল কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৈরী আবহাওয়ার কারণে জেদ্দা থেকে চট্টগ্রামে অবতরণ না করে সরাসরি ঢাকায় অবতরণ করে একটি ফ্লাইট।
অন্যদিকে আবুধাবীগামী অপর একটি আন্তর্জাতিক ফ্লাইট ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে যাওয়ার কথা ছিল। চট্টগ্রামে নামতে না পেরে সেটি পুনরায় ঢাকা ফিরে যায় বলে জানান তিনি ।
