২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হামলাকারী কেউ ক্ষমা পাবে না: তোফায়েল

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দু বাড়িঘর ও মন্দিরে পাঁচদিনের ব্যবধানে দুই দফা হামলার পর ঘটনায় কাউকে ক্ষমা করা হবে না বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2016, 09:04 PM

Updated : 20 Aug 2022, 02:08 PM

শনিবার বিকালে নগরীর পলোগ্রাউন্ডে চিটাগাং উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত ১০ম ইন্টারন্যাশনাল ওমেন’স এসএমই এক্সপো বাংলাদেশ-২০১৬ এর ‍উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।

তোফায়েল আহমেদ বলেন, “বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল বাংলাদেশ অসাম্প্রদায়িক হবে। নাসিরনগরের ঘটনায় তীব্র নিন্দা জানাই।

“এটা আমাদের জন্য সাংঘাতিক দুর্ভাগ্যজনক ঘটনা। আমরা এটা ঘৃণা করি। এবং সে যেই হোক, যে দলেরই হোক, যে মতের হোক- আমার দলেরও যদি হয় তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দেব।”

ফেইসবুকে ইসলাম অবমাননার অভিযোগ তুলে গত ৩০ অক্টোবর নাসিরনগরে ১৫টি মন্দির এবং হিন্দু সম্প্রদায়ের দেড় শতাধিক ঘরে ভাংচুর ও লুটপাট চালানো হয়।

এই ঘটনায় স্থানীয় প্রশাসনের গাফিলতি ছিল বলে অভিযোগ ওঠলেও স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশের কোনো গাফিলতি ছিল না বলে দাবির পাশাপাশি স্থানীয় সংসদ সদস্য মৎস ও প্রাণিসম্পদমন্ত্রী ছায়েদুল হক বিষয়টিকে তেমন কিছুই না বলে মন্তব্যে করেন।

এরমধ্যেই প্রথমবার হামলার পাঁচ দিনের মাথায় পুলিশি নিরাপত্তার মধ্যেই শুক্রবার নাসিরনগরে হিন্দুদের বাড়িঘরে আগুন দেওয়া ঘটনা ঘটলে রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রতিবাদের ঝড় ওঠে।

হামলাকারী কাউকে ক্ষমা না করতে প্রধানমন্ত্রীর নির্দেশ রয়েছে বলে জানান বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

তিনি বলেন, “আমরা কাউকে ক্ষমা করব না। এ ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ আছে। দলের নির্দেশ আছে। এটা তদন্ত করে, প্রকৃত অপরাধীকে খুঁজে বের করে তাদের আসামির কাঠগড়ায় দাঁড় করিয়ে তাদের বিচার করব।”

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উইমেন চেম্বারের সভাপিত কামরুন মালেক।