চট্টগ্রামে ‘অল সোলস ডে’ পালন
হেমন্তের শেষ বিকেলে পশ্চিম দিগন্তে রক্তিম সূর্য মিলিয়ে যেতেই ফুলের পাপড়ি বিছানো কবরে কবরে জ্বলে ওঠে মোমের আলো।
জীবনের পাঠ চুকিয়ে পরপারে পাড়ি দেওয়া স্বজনদের জন্য প্রার্থনায় গলা মেলান সমবেতরা।
বুধবার চট্টগ্রামের পাথরঘাটায় বৃহত্তম গির্জা সংলগ্ন সমাধিস্থলে ‘অল সোলস ডে’ পালনে হাজির হয়েছিল সহস্রাধিক খ্রিস্টধর্ম অনুসারীরা।
এদিন নানা আনুষ্ঠানিকতায় পরলোকগত আত্মাদের স্মরণ করা হয়।
এরপর গির্জার সিনিয়র ফাদার টেরেন্স রড্রিগ সমবেতদের উদ্দেশে ধর্মীয় বক্তব্য (সুসমাচার) দেন।
বক্তব্যে মৃতদের আত্মার শান্তির পাশাপাশি যুদ্ধবিগ্রহের শিকার হয়ে নিহতদের আত্মার শান্তি কামনা করেন টেরেন্স রড্রিগ।
সুসমাচার শেষে খ্রিস্ট ভক্তদের জন্য খ্রিস্টপ্রসাদ বিতরণ করা হয়।
“শুধু আপনজনদের স্মরণই নয়, পৃথিবী থেকে বিদায় নেওয়া প্রতিটি মানুষের আত্মাই যেন শান্তিতে থাকে পরমেশ্বরের কাছে সে প্রার্থনা করি।”
