২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চিকিৎসকদের দায়িত্বে অবহেলা না করার আহ্বান মেয়র নাছিরের

চিকিৎসকদের নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালনের আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

চট্টগ্রাম ব‌্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2016, 09:08 PM

Updated : 20 Aug 2022, 02:06 PM

সোমবার নগর ভবনের সম্মেলন কক্ষে চট্টগ্রাম সিটি করপোরেশন (সিসিসি) পরিচালিত হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসকদের নিয়ে এক সমন্বয় সভায় এ আহ্বান জানান তিনি।

মেয়র বলেন, “ডাক্তারদের ইচ্ছা ও আন্তরিকতার উপর নগরবাসীর স্বাস্থ্যসেবা নির্ভর করে। এ পেশায় নিয়োজিতদের অবহেলায় একটি জীবন ধ্বংস হয়ে যেতে পারে।

“সে বিবেচনায় নিজ নিজ দায়িত্ব ও কর্তব্য যথানিয়মে পালন করতে হবে, কর্মস্থলে ঠিক সময়ে উপস্থিত হতে হবে। এক্ষেত্রে কোনো ওজর বা আপত্তি গ্রহণযোগ্য হবে না।”

সমন্বয় সভায় মেয়র স্বাস্থ্যসেবায় সিসিসি’র নানা পরিকল্পনার কথা তুলে ধরেন।

সিসিসি প্রতি বছর স্বাস্থ্য খাতে ১৩ কোটি টাকা ব্যয় করছে জানিয়ে তিনি বলেন, স্বাস্থ্যখাত পরিচালনায় সিসিসি মন্ত্রণালয় থেকে কোনো সহযোগিতা পায় না। তবুও নগরবাসীর স্বাস্থ্যসেবার কথা বিবেচনায় নিয়ে তা করে যাচ্ছে।

সিসিসির জেনারেল হাসপাতালে চক্ষু, দন্ত ও প্রতিবন্ধী কর্নার স্থাপন করা হয়েছে। ধাপে ধাপে একে একটি পূর্ণাঙ্গ হাসপাতালে পরিণত করা হবে বলে জানান তিনি।

মেয়র বলেন, সিসিসি’র পরিচালিত মিডওয়াইফারী ইন্সটিটিউটগুলোর জুনিয়র মিডওয়াইফারী কোর্সগুলো ডিপ্লোমা কোর্সে রূপান্তর করা ও ইন্সটিটিউট অব হেলথ টেকনোলজি (ম্যাটস) এ বিএসসি কোর্স চালু করার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।

বস্তি এলাকায় বসবাসকারীদের স্বাস্থ্যসেবার আওতায় আনতে মোবাইল স্বাস্থ্যসেবা চালু করা হবে বলেও জানান তিনি।