কোস্ট গার্ড বহরে যুক্ত হচ্ছে দুটি নৌযান
বাংলাদেশ কোস্ট গার্ডের বহরে যুক্ত হচ্ছে আরও দুটি নৌযান।
ইতালি থেকে কেনা এই অফশোর পেট্রোল ভেসেল দুটি বুধবার সকালে চট্টগ্রামের পতেঙ্গায় কোস্ট গার্ড বার্থে এসে পৌঁছাবে বলে সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
‘সিজিএস তাজউদ্দিন’ ও ‘সিজিএস সৈয়দ নজরুল’ নামের নৌযান দুটি বরণ করে নিতে বুধবার কর্ণফুলীর ১৫ নম্বর ঘাটে একটি অনুষ্ঠানের আয়োজন করেছে কোস্ট গার্ড।
নৌযান দুটি বহরে যুক্ত হলে কোস্ট গার্ডের সক্ষমতা আরও বাড়বে বলে আশা করা হয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে।
কোস্ট গার্ডের আধুনিকায়নের জন্য ২০১৫ সালের ৫ মার্চ সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি চারটি নৌযান কেনার প্রস্তাব অনুমোদন করে।
এরপর ইতালির নৌবাহিনীর কাছ থেকে তাদের পুরনো চারটি মিনার্ভা ক্লাস করভেট কিনে তা লিডার ক্লাস অফশোর পেট্রোল ভেসেলে রূপান্তরের কাজ শুরু হয়। চারটি নৌযানেরই নাম রাখা হচ্ছে চার জাতীয় নেতার নামে।
এর মধ্যে প্রথম ধাপে ‘সিজিএস তাজউদ্দিন’ ও ‘সিজিএস সৈয়দ নজরুল’ কোস্ট গার্ডের হাতে এসে পৌঁছাচ্ছে। সিজিএস মনসুর আলী ও সিজিএস কামরুজ্জামানের রূপান্তরের কাজ চলছে জেনোয়ায়।
