চট্টগ্রামে পিকআপের ধাক্কায় স্কুলছাত্রের মৃত্যু
চট্টগ্রামের বহদ্দারহাট এক কিলোমিটার এলাকায় পিকআপের ধাক্কায় চতুর্থ শ্রেণির এক ছাত্রের মৃত্যু হয়েছে।
নিহত আবিদ হাসান (১০) এক কিলোমিটার এলাকার প্রবাসী মোহাম্মদ আলমগীরের ছেলে। ওই এলাকার মেট্রোপলিটন রেসিডেনশিয়াল স্কুল অ্যান্ড কলেজের চতুর্থ শ্রেণিতে পড়ত সে।
চান্দগাঁ থানার এসআই উত্তম চক্রবর্তী জানান, সোমবার বেলা সাড়ে ১১টার দিকে স্কুল থেকে রিকশায় করে বাসায় ফেরার সময় পেছন থেকে পিকআপের ধাক্কায় গুরুতর আহত হয় আবিদ। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর সেখানে তার মৃত্যু হয়।
পুলিশ পিকআপটি আটক করলেও চালক পালিয়ে গেছে বলে এসআই উত্তম জানান।
