মিরসরাইয়ে হোটেলে পেটকাটা লাশ
চট্টগ্রামের মিরসরাই উপজেলার একটি আবাসিক হোটেল থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার সকালে বারৈয়ারহাট এলাকার সাগরিকা বোর্ডিং থেকে লাশটি উদ্ধার করা হয় বলে জানান জোরারগঞ্জ থানার ওসি জাহেদুল কবির।
জোরারগঞ্জ থানার এসআই বিপুল দেবনাথ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “লাশের শরীরের কোথাও আঘাতের কোনো চিহ্ন না থাকলেও পেট কাটা ছিল।”
নিহত ব্যক্তি চট্টগ্রামের মোহরা এলাকার বাসিন্দা মো. জসিম উদ্দিন (৫৫)।
ওসি জাহেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তিন-চার দিন আগে জসিম হোটেলে উঠেছিলেন। আজ সকালে রুমের ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে হোটেল কর্তৃপক্ষ সকালে পুলিশে খবর দেয়।”
লাশের পাশ থেকে ছুরি, মোবাইল ফোন ও কিছু টাকা উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি।
হোটেল নিবন্ধন বইতে উদ্ধার করা ব্যক্তির নাম মো. সাইফুল্লাহ লেখা ছিল।
ওসি বলেন, “আমরা তার পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করেছি এবং তার নামটি ভুল বলে আমাদের জানিয়েছে। পরিবারের সদস্যরা এসে জসিম উদ্দিনের লাশ শনাক্ত করেছে।”
