২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আদালতকর্মীকে মারধর, তাৎক্ষণিক বিচারে সাজা

চট্টগ্রামের বাঁশখালীতে আদালতের সমন নিয়ে যাওয়া কর্মচারীকে মারধরের ঘটনায় তাৎক্ষণিক বিচারে এক ব্যক্তিকে আট মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

চট্টগ্রাম ব্যু্রো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2016, 09:12 PM

Updated : 20 Aug 2022, 02:05 PM

রোববার দুপুরে এই ঘটনার পর বাঁশখালী আদালতের জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. সাজ্জাদ হোসেন এই শাস্তির রায় দেন।

দণ্ডিত এ কে এম ইমতিয়াজুল ইসলাম একজন প্রকৌশলী। তিনি বাঁশখালী উপজেলার কালীপুর এলাকার বাসিন্দা।

বাঁশখালী আদালতের বেঞ্চ সহকারী জনি খন্দকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ইমতিয়াজুলের বিরুদ্ধে ঢাকা মেট্রোপলিটন ম্যা জিস্ট্রেট আদালত-১৯ এর জারি করা একটি সমন চট্টগ্রামের মুখ্য বিচারিক হাকিম আদালতের মাধ্যমে পাঠানো হয়।

“ওই সমন নিয়ে মুখ্য বিচারিক হাকিম আদালতের প্রসেস সার্ভার আজিমুদ্দিন জুয়েল আজ দুপুরে কালীপুরে যান। ইমতিয়াজুল ওই সমন গ্রহণ করেননি। উল্টো জুয়েলকে আটকে রেখে মারধর করে। তার মাথা ন্যাড়া করে দেয় এবং কাপড় চোপড় ছিঁড়ে ফেলে।”

জুয়েলের সঙ্গে যাওয়া স্থানীয় দুই ব্যক্তিকেও মারধর করা হয় বলে জানান জনি।

তিনি বলেন, “প্রায় উলঙ্গ অবস্থায় জুয়েলকে বাড়ি থেকে বের করে দেন ইমতিয়াজুল। পরে পাশের এক বাড়ি থেকে কাপড় চেয়ে নিয়ে থানায় আসেন জুয়েল।”

এ ঘটনায় জুয়েল বাদী হয়ে থানায় এবং বাঁশখালী আদালতে দুটি মামলা করেন। এর পরপেরই পুলিশ ইমতিয়াজুলকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।

বেঞ্চ সহকারী জনি বলেন, দণ্ডবিধির তিনটি ধারায় ইমতিয়াজুলের বিরুদ্ধে মামলা করা হয়। আদালত ৩৪২ ধারায় অভিযোগ গঠন করে তাৎক্ষণিক বিচার শুরুর আদেশ দেন।

“এরপর জুয়েল ও তার সঙ্গে থাকা দুজন আদালতে সাক্ষ্য দেন। রায়ে বিচারক ইমতিয়াজুলকে আট মাসের সশ্রম কারাদণ্ড, ৮০০ টাকা জরিমানা এবং অনাদায়ে আরও পাঁচ দিন বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন।”

বাদী ও আসামি পক্ষের আইনজীবীদের উপস্থিতিতে রায় ঘোষণার পর ইমতিয়াজুলকে কারাগারে পাঠানোর আদেশ দেয় আদালত।