সাংবাদিককে হুমকির ঘটনায় বাঁশখালীর সাংসদের ‘দুঃখ প্রকাশ’
চট্টগ্রামের এক সাংবাদিককে হুমকির ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন বাঁশখালীর সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরী।
শনিবার সন্ধ্যায় চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে) কার্যালয়ে সাংবাদিক নেতাদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসে ঘটনাটিকে ‘নিছক ভুল বোঝাবুঝি’ বলে অভিহিত করেন নির্বাচনী কর্মকর্তাকে মারধর করে আলোচনায় আসা এই সাংসদ।
অনাকাঙ্ক্ষিত ঘটনায় দুঃখ প্রকাশ করে সভায় তিনি বলেন, “তার সাথে কথা কাটাকাটি হয়েছে মাত্র, হুমকি বা খারাপ কিছু বলিনি। এলাকার ছোটভাই হিসেবে শাসন করেছি।”
গত ১৮ অক্টোবর উন্নয়ন কর্মকাণ্ড বিষয়ে বাঁশখালী উপজেলা প্রকল্প বাস্তবায়ন (পিআইও) কর্মকর্তার কার্যালয়ে তথ্য চেয়ে সাংসদ মোস্তাফিজুরের রোষানলে পড়েন দৈনিক পূর্বদেশের প্রতিবেদক রাহুল দাশ।
সাংসদ মোবাইল ফোনে প্রতিবেদককে হুমকি দেন বলে প্রতিবেদক রাহুল অভিযোগ করেন। এ অভিযোগে গত ২২ অক্টোবর পুলিশ সুপার বরাবরে অভিযোগও করা হয়।
এ ঘটনার প্রতিবাদে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন সমাবেশসহ বিভিন্ন কর্মসূচিও পালন করেন।
সিইউজে সভাপতি রিয়াজ হায়দার চৌধুরীর সভাপতিত্বে মতবিনিময় সভায় চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি কলিম সরওয়ার, বিএফইউজের সহ-সভাপতি শহীদুল আলম, বাসস চট্টগ্রামের ব্যুরো প্রধান সমীর কান্তি বড়–য়া, সিইউজের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, দৈনিক পূর্বদেশের যুগ্ম সম্পাদক আবু তাহের মোহাম্মদ, যুগান্তরের ব্যুরো প্রধান শহীদুল্লাহ শাহরিয়ার বক্তব্য রাখেন।
