২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম থেকে যায় ইয়াবা, আসে গাঁজা

চট্টগ্রামের একটি চক্র সক্রিয় রয়েছে, যারা নগরী থেকে ইয়াবা পাঠিয়ে বিনিময়ে কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া থেকে গাঁজা নিয়ে আসে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2016, 07:18 PM

Updated : 11 Oct 2022, 08:58 PM

শুক্রবার বিকালে নগরীর দুটি এলাকা থেকে তিন মাদক বিক্রেতাকে গ্রেপ্তারের পর এ তথ্য জানিয়েছে পুলিশ।

এরা হলেন- বায়েজিদ বোস্তামী থানার আরেফীন নগর এলাকার বাসিন্দা আলমগীর হোসেনের স্ত্রী রেনা বেগম (৪০), তার ছেলে মো. সুজন মিয়া (২০) ও তাদের সহযোগী মো. সাজ্জাদ হোসেন (২০)। 

বায়েজিদ বোস্তামী থানার ওসি মোহাম্মদ মহসিন জানান, রেনার চট্টগ্রাম নগরীর আরেফীন নগর এলাকায় থাকলেও তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া উপজেলার কসবা এলাকায়।

বিকালে অক্সিজেন মোড় থেকে চার হাজার ইয়াবাসহ রেনাকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে জিজ্ঞাসাবাদ করে তামান্না আবাসিক এলাকায় তার ছেলে সুজনের বাসা থেকে আরও একহাজার ইয়াবা ও চার কেজি গাঁজা উদ্ধার করা হয়।

ওসি মহসিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানিয়েছে তারা কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া থেকে চট্টগ্রামে গাঁজা নিয়ে আসে এবং বিনিময়ে চট্টগ্রাম থেকে ইয়াবা পাঠায় সেখানে।

গ্রেপ্তারকৃতদের ‘সংঘবদ্ধ মাদক পাচারকারী’ দলের সদস্য দাবি করে তিনি বলেন, “চক্রটির আট সদস্যের নাম পেয়েছি আমরা। তারা চট্টগ্রামের পটিয়া উপজেলা, কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার বাসিন্দা।”

চক্রটির সঙ্গে জড়িত পটিয়ার বাসিন্দা ওই ব্যক্তির সঙ্গে টেকনাফের কোনো ইয়াবা ব্যবসায়ীর সম্পৃক্ততা রয়েছে বলে পুলিশ সদস্যদের ধারণা।

তাদের মাধ্যমে চট্টগ্রামে ইয়াবা এনে কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া পাঠায় এবং সেখান থেকে আনা গাঁজা চট্টগ্রামসহ বিভিন্ন জায়গায় সরবরাহ করে বলে তাদের ধারণা।

ওসি মহসিন বলেন, গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদ চলছে। তাদের কাছ থেকে যাদের নাম পাওয়া গেছে তাদের ধরতে পুলিশ অভিযান শুরু করেছে।