২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে স্ত্রী হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড

স্ত্রীকে ছুরি মেরে হত্যার দায়ে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছে চট্টগ্রামের একটি আদালত।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2016, 03:44 PM

Updated : 20 Aug 2022, 02:00 PM

বৃহস্পতিবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ মো. শাহেনুর এ আদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত হাবিবুর রহমান বাগেরহাট জেলার বাসিন্দা। থাকতেন নগরীর বন্দর থানা এলাকায়।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. ফখরুদ্দীন চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আসামির বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাকে মৃত্যুদন্ডের আদেশ দিয়েছে।

মামলার তথ্যানুযায়ী, ২০১৪ সালের ৩ অক্টোবর ইপিজেড থানার কলসী দিঘী রেললাইন এলাকায় পারিবারিক কলহের জেরে হাবিবুর তার স্ত্রী রীনা খানমকে ছুরি মেরে হত্যা করেন।

এঘটনায় নিহতের বোন রূপা বেগম হাবিবুরকে আসামি করে ইপিজেড থানায় মামলা করেন।

আইনজীবী ফখরুদ্দীন জানান, তদন্ত শেষে পুলিশ ওই বছরের ৩১ ডিসেম্বর আদালতে অভিযোগপত্র দেয়। পরের বছরের ৫ অক্টোবর অভিযোগ গঠনের মধ্যে দিয়ে বিচার শুরু হয়।

“রাষ্ট্রপক্ষের ১৩ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত হাবিবুরকে মৃত্যুদণ্ডের আদেশ দেন,” বলেন তিনি।

রায় ঘোষণার সময় আসামি হাবিবুর আদালতে উপস্থিত ছিলেন।।