কর্মকর্তাকে এমপির মারধরে স্থগিত ইউপিতে ভোট ১২ নভেম্বর
চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় নির্বাচন কর্মকর্তাকে স্থানীয় সাংসদের মারধরের পর স্থগিত হওয়া ইউনিয়ন পরিষদগুলোতে ১২ নভেম্বর ভোট হবে।
নির্বাচন কমিশনের আদেশ মঙ্গলবার রাতে পেয়েছেন বলে চট্টগ্রাম জেলা নির্বাচন কর্মকর্তা খোরশেদ আলম জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “আগামী ১২ নভেম্বর নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি শুরু করেছি।”
৪ জুন বাঁশখালীর ১৪টি ইউনিয়নের মধ্যে ১১টিতে নির্বাচন অনুষ্ঠানের দিন ধার্য ছিল। ঘূর্ণিঝড় রোয়াণুর কারণে তিনটি ইউনিয়নের নির্বাচন স্থগিত করা হয়।
এর আগে নির্বাচনে ‘ফর্দ অনুযায়ী’ ভোটগ্রহণ কর্মকর্তা ‘নিয়োগ না দেওয়ায়’ ১ জুন উপজেলা নির্বাচন কর্মকর্তা জাহিদুল ইসলামকে সাংসদ মোস্তাফিজুর রহমান ও আওয়ামী লীগের কয়েকজন মারধর করেন বলে অভিযোগ উঠে।
ওই ঘটনার পর বাঁশখালীর নির্বাচন স্থগিত করে সাংসদের বিরুদ্ধে মামলা করে নির্বাচন কমিশন। পরে উচ্চ আদালতের নির্দেশে বাঁশখালীর আদালতে আত্মসমর্পণ করে জামিন নেন সাংসদ মোস্তাফিজুর।
ওই দিন বাঁশখালী উপজেলার ১৪টি ইউনিয়নের মধ্যে সাধনপুর বাদে বাকি ১৩টি ইউপিতে সব পদে ভোট হবে।
