চবির হল মাঠ থেকে বৃদ্ধের লাশ উদ্ধার
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কবি আলাউল হলের মাঠ থেকে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ।
আনুমানিক ৬৫ বছর বয়সী ওই বৃদ্ধের নাম পরিচয় জানা যায় নি।
হাটহাজারী থানার এসআই মিজানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বুধবার দুপুরের দিকে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ওই লাশ উদ্ধার করে পুলিশ।
স্থানীয়দের বরাত দিয়ে তিনি বলেন, নিহত বৃদ্ধ ভবঘুরে ও বোবা ছিলেন। মারা যাওয়ার সময় তার পরনে লুঙ্গি ছিল।
নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায় নি জানিয়ে এসআই মিজান বলেন, “সম্ভবত বার্ধক্যজনিত কারণে বৃদ্ধ মারা যেয়ে থাকতে পারেন। তবুও আমরা ময়নাতদন্ত করাচ্ছি।”
