ঘরে স্ত্রীর লাশ, স্বামী পলাতক
চট্টগ্রামে এক বাসা থেকে গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে ধারণা পুলিশ কর্মকর্তাদের।
বুধবার দুপুরে ডবলমুরিং থানার পাহাড়তলী বাজারের কাছে রেলওয়ে স্টাফ কোয়ার্টারের একটি বাসা থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত গৃহবধূ রোজিনা খাতুন (২২)। তার স্বামী মো. রুবেল পলাতক বলে জানিয়েছে পুলিশ।
ম্যাপ: চট্টগ্রাম
রুবেল পাহাড়তলী এলাকায় একটি সিএনজি ফিলিং স্টেশনে কাজ করেন। স্ত্রীকে নিয়ে পাহাড়তলী বাজারের রেলওয়ে স্টাফ কোয়াটারের ই/৪/এ নম্বর বাসায় সাবলেট থাকতেন।
সেখানে গিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) সদস্যরা গিয়ে হত্যাকাণ্ডের বিভিন্ন আলামত সংগ্রহ করেছে।
পিবিআই’র পরিদর্শক সন্তোষ কুমার চাকমা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল সাড়ে ৭টার দিকে রুবেল তার বন্ধু শফিকে নিয়ে বাসায় আসেন। পরে রুমের বাইরে তালা লাগিয়ে চলে যান।
“ঘরের ভেতরে রোজিনাকে শোয়া অবস্থায় এবং বাইরে তালা লাগানো দেখে সন্দেহ হলে ঘরের লোকজন পুলিশকে জানায়। তখন পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।”
“প্রাথমিক ভাবে মনে হচ্ছে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে,” বলেন পুলিশ কর্মকর্তা সন্তোষ।
ওই বাসাটি পাহাড়তলী রেলওয়ে ওয়ার্কশপে এমএলএসএস পদে কর্মরত রোকেয়া বেগম নামে এক মহিলার নামে বরাদ্দ করা বলে জানিয়েছে পুলিশ।
রোকেয়া জানান, নূরনাহার নামে এক মহিলার কাছে বাসার বর্ধিত দুটি কক্ষ ভাড়া দেন তিনি। সেখান থেকে একটি কক্ষ নুরুন্নাহার রুবেলকে ভাড়া দেন তিনি।
ডবলমুরিং থানার এসআই নুর ইসলাম বলেন, রোজিনার এক বোন নগরীতে একটি পোশাক কারখানায় কাজ করেন। তিনি থানায় এসেছেন।
রোজিনার বোন বিয়ের বিষয়টি জানালেও রুবেল সম্পর্কে বিস্তারিত তথ্য জানাতে পারেনি বলে জানান তিনি।
