২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পোয়া মাছে কাপড়ের রং মিশিয়ে বিক্রিতে ৩ জনকে জরিমানা

পোয়া মাছে কাপড়ের ক্ষতিকর রং মিশিয়ে বিক্রির অপরাধে চট্টগ্রামে তিন মাছ বিক্রেতাকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2016, 06:41 PM

Updated : 20 Aug 2022, 01:57 PM

মঙ্গলবার নগরীর রেয়াজউদ্দিন বাজারে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফোরকান এলাহী অনুপম এ আদালত পরিচালনা করেন।

একই আদালত ফিশারী ঘাট ও পাহাড়তলী বাজারে অভিযান চালিয়ে ছোট আকারের রুই জাতীয় মাছ বিক্রির অপরাধে আরও তিন মাছ বিক্রেতাকে জরিমানা করেন।

রং মিশিয়ে জরিমানা গোনা মাছ বিক্রেতারা হলেন- মনসুর আলম, জাকির হোসেন ও নুরুল হক। আর ছোট মাছ বিক্রির দায়ে তিন বিক্রেতা মো. জসিম, মো. আলমগীর ও সাব্বির আহমেদকে জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ফোরকান এলাহী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রেয়াজউদ্দিন বাজারে অভিযান চালিয়ে কাপড়ে দেওয়ার ক্ষতিকর রং পোয়া মাছে মিশিয়ে বিক্রির অপরাধে মনসুর, জাকির ও নুরুল প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

রং মেশানো ৩১ কেজি পোয়া মাছ জব্দ করে ধ্বংস করা হয় বলে জানান তিনি।

এদিকে নয় ইঞ্চির ছোট রুই জাতীয় মাছ বিক্রি নিষিদ্ধ হলেও বিক্রির অপরাধে ফিশারী ঘাট এলাকায় জসিম ও আলমগীর এবং পাহাড়তলী বাজারে সব্বির আহম্মদসহ প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এসময় তাদের কাছ থেকে বিক্রির জন্য রাখা প্রায় ২২ কেজি মাছ জব্দ করে বিভিন্ন এতিম খানায় বিতরণ করা হয় বলে জানান ম্যাজিস্ট্রেট ফোরকান।