২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কভার্ড ভ্যানে ফেনসিডিল পাচার, চট্টগ্রামে আটক ২

কভার্ড ভ্যানে করে ফেন্সিডিল পাচারের সময় চট্টগ্রামে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। 

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2016, 12:23 PM

Updated : 20 Aug 2022, 01:58 PM

সোমবার রাতে কোতোয়ালী থানার টাইগার পাস এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) চন্দন দেবনাথ।

এরা হলেন- মো. মিজানুর রহমান (৩৪) ও অন্ডু মন্ডল (২৪)।

চন্দন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, র‌্যাবের একটি দল রেলওয়ে পাবলিক হাই স্কুলের বিপরীতে চেকপোস্ট বসিয়ে এক হাজার ৮৭৫ বোতল ফেন্সিডিলসহ কভার্ড ভ্যানটিকে আটক করে।

অভিযানের নেতৃত্বে থাকা স্কোয়াড্রন লিডার সাফায়াত জামিল ফাহিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কভার্ড ভ্যানের ভেতরে বিশেষ কৌশলে ফেন্সিডিলের বোতলগুলো যশোর থেকে চট্টগ্রামে নিয়ে আসা হয়।

“দরজা খোলার পর কভার্ড ভ্যানটি খালি মনে হলেও ভেতরে আলাদা বোর্ড বসিয়ে সারি করে ফেনসিডিলগুলো রাখা হয়।”

ফাহিম বলেন, চট্টগ্রাম নগরীর কদমতলী এলাকায় ফেনসিডিলগুলো সরবরাহ করার কথা ছিল বলে গ্রেপ্তারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন।