২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিচ্ছেদের পর এসআইর বিরুদ্ধে ধর্ষণের মামলা কনস্টেবলের

বিয়ে বিচ্ছেদের পর এক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে আদালতে মামলা করেছেন এক নারী কনস্টেবল।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2016, 09:54 PM

Updated : 20 Aug 2022, 01:57 PM

সোমবার চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এ রাঙ্গুনিয়া থানায় কর্মরত এসআই সঞ্জয় দাশের বিরুদ্ধে মামলাটি করেন নগরীর টাইগারপাস পুলিশ ব্যারাকে কর্মরত নারী ওই কনস্টেবল।

ট্রাইব্যুনাল-১ এর বিচারক রফিকুল ইসলাম অভিযোগ আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দিয়েছেন বলে জানান বাদীর আইনজীবী সাখাওয়াত হোসেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পুলিশে চাকরির সুবাদে ভোলা জেলার বোরহানউদ্দিন এলাকার সঞ্জয় দাশের সঙ্গে নীলফামারী জেলার ওই মেয়ের পরিচয় হয়। সঞ্জয় নিজের ধর্মীয়পরিচয় গোপন রেখে ওই কনস্টেবলের ঘনিষ্ঠ হন।

সঞ্জয়ের প্রকৃত পরিচয় প্রকাশের পর ২০১৩ সালের ২২ ডিসেম্বর ধর্মান্তরিত হয়ে সঞ্জয় ‘মেহেদি হাসান জয়’ নাম নিয়ে ৯ লাখ ৫১ হাজার ১০১ টাকা কাবিনে ওই কনস্টেবলকে বিয়ে করেন বলে ওই আইনজীবী জানান।

তিনি বলেন, “দুইমাস তারা স্বামী-স্ত্রী হিসেবে সংসারও করেন।পরের বছর দুজনের সম্মতিতে কাবিনের টাকা পরিশোধ ছাড়াই বিবাহ বিচ্ছেদও হয়। তবে পরবর্তীতে আবারও দুইজনের মধ্যে বিয়ে হওয়ার শর্ত ছিল।”

আইনজীবী সাখাওয়াত বলেন, এ বছরের ৭ জুন বাদিনী চট্টগ্রামের রাঙ্গুনিয়া থানায় গেলে নিজেদের মধ্যে সমস্যা মিটিয়ে ফেলতে পরামর্শ দেন ওই থানার ওসি।

“ওইদিন দিন বিকালে এসআই সঞ্জয় থানা সংলগ্ন নিউ বিল্ডিংয়ের একটি বাসায় বাদিনীকে নিয়ে থাকে এবং শারীরিক সম্পর্কে বাধ্য করে।”

মামলায় অভিযোগ করা হয়, পরে গত ৯ সেপ্টেম্বরও নগরীর রেয়াজুদ্দিন বাজার আমতল এলাকায় একটি আবাসিক হোটেলে ওই এসআই আবারও বাদিনীকে নিয়ে রাত যাপন করতে চেয়েছিলেন, তবে বাদিনী রাজি হননি।