বিশ্ববিদ্যালয়পড়ুয়া সন্তানের বাবার স্কুলছাত্রীকে বিয়ের চেষ্টা
বাসায় বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছেলে মেয়ে রেখে এক স্কুলছাত্রীকে বিয়ে করতে উদ্যত চট্টগ্রামের পঞ্চাশোর্ধ্ব একব্যক্তিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
দণ্ডপ্রাপ্ত মো. রফিক (৫৫) নগরীর চান্দগাঁও এলাকার বাসিন্দা হলেও তার নিজ বাড়ি রাউজান উপজেলার কচুখাইন গ্রামে।
সোমবার দুপুরে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী মাহবুবুল আলম তার সঙ্গে মেয়েটির মা-বাবাকেও জরিমানা করেন।
ইউএনও মাহবুবুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বাল্য বিবাহ নিরোধ আইনে রফিক ও ওই স্কুলছাত্রীর বাবা ও মাকে মোট তিন হাজার টাকা জরিমানা করা হয়।
তিনি বলেন, দীর্ঘদিন প্রবাসে থাকা রফিক তার আগের স্ত্রীকে ডিভোর্স দিয়েছেন এবং স্ত্রীর ভরণপোষণ নিয়ে আদালতে মামলা চলছে। এর মধ্যে খরণদ্বীপ ইউনিয়নের শ্রীপুর গ্রামের ওই ছাত্রীকে বিয়ের করার জন্য কথাবার্তা চালিয়ে যাচ্ছিলেন।
“রোববার রফিকের আগের স্ত্রী তার বাল্য বিয়ের চেষ্টার বিষয়টি লিখিতভাবে আমাকে জানালে সোমবার তিনপক্ষকে কার্যালয়ে ডাকা হয়। সবার বক্তব্য শোনার পর ‘১৯২৯ সালের বাল্য বিবাহ নিরোধ আইনে’ বাল্য বিয়ের চেষ্টার দায়ে রফিককে একহাজার এবং বাল্য বিয়ে দেওয়ার চেষ্টার ধায়ে ওই স্কুলছাত্রীর বাবা ও মাকে একহাজার টাকা করে মোট তিন হাজার টাকা জরিমানা করা হয়।”
জরিমানা আদায়ের পাশাপাশি উভয় পক্ষ থেকে মুচলেকাও নেওয়া হয়েছে বলে জানান ইউএনও।
মাহবুবুল বলেন, রফিকের তিন ছেলে মেয়ের মধ্যে বড় ছেলে মালয়েশিয়ার একটি বিশ্ববিদ্যালয়ে, এক মেয়ে চট্টগ্রামের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ও ছোট মেয়ে একটি স্কুলের সপ্তম শ্রেণিতে পড়াশোন করেন।
