২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দুদকের মামলায় গ্রেপ্তার সিসিসির নির্বাহী প্রকৌশলীর জামিন

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে গ্রেপ্তার চট্টগ্রাম সিটি করপোরেশনের (সিসিসি) নির্বাহী প্রকৌশলীকে জামিন দিয়েছে আদালত।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2016, 12:04 AM

Updated : 20 Aug 2022, 01:57 PM

রোববার চট্টগ্রামের বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ শাহে নুর এ আদেশ দেন।

২ অক্টোবর নগরীর কোতোয়ালী থানা এলাকা থেকে সাইফুরকে গ্রেপ্তার করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

৩৩ লাখ ৯৩ হাজার ৫৯১ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং এক লাখ ৪০ হাজার ৪৫২ টাকার তথ্য গোপনের অভিযোগে গত ১৭ জুলাই খুলশী থানায় তার বিরুদ্ধে মামলাটি করেন দুদক প্রধান কার্যালয়ের উপ-পরিচালক হামিদুল হাছান।

গ্রেপ্তারের পর সাইফুর রহমানকে সাময়িক বরখাস্ত করে সিটি করপোরেশন।

সাইফুরের আইনজীবী রেজাউল করিম চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সম্পদের হিসাব দিতে ২০০৯ সালে দুদক তাকে (সাইফুর রহমান) নোটিস দিয়েছিল।

“তখন তিনি সম্পদ বিবরণী দাখিল করেন। এরপর সে সময়ের দুদক একটি অনুসন্ধান প্রতিবেদন এবং চূড়ান্ত প্রতিবেদনও দাখিল করেছিল। তিনি নিয়মিত আয়কর দেন এবং তার আয়কর বিবরণীতে তার সব সম্পদের উল্লেখ আছে।”

আইনজীবী রেজাউল করিম চৌধুরী বলেন, ২০০৯ সালে নিষ্পত্তি হয়ে যাওয়া একটি বিষয় নিয়ে ২০১৬ সালে আবার দুদক মূল্যায়ন করে। তখন তার বার্ষিক আয়ের চেয়ে ৩৩ লাখ ৯৩ হাজার টাকা বেশি ব্যয় হয়েছে বলে দাবি করে তারা।

“তার বিরুদ্ধে ক্ষমতা অপব্যবহার বা সরকারি তহবিল আত্মসাতের কোনো অভিযোগ নেই। শুধু বেশি ব্যয়ের কারণে সাত বছর আগে মীমাংসিত একটি বিষয়ে মামলা হতে পারে না মর্মে আদালতে আবেদন করেছি। আদালত জামিন মঞ্জুর করেছেন।”

দুদকের হয়ে আদালতে শুনানিতে ছিলেন রাষ্ট্রপক্ষের আইনজীবী মাহমুদুল হক, মেজবাহ উদ্দিন চৌধুরী ও কাজী সানোয়ার আহমেদ লাভলু।

পুরনো খবর:

দুর্নীতির মামলায় সিসিসির নির্বাহী প্রকৌশলী গ্রেপ্তার