গ্রেপ্তারের পর ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২৪ মামলার আসামি
চট্টগ্রামের সাতকানিয়ায় গ্রেপ্তার এক আসামি পুলিশের ‘অস্ত্র উদ্ধার অভিযানে’ কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়েছে।
নিহত আবুল বশর ওরফে বদাইয়া (৪০) সাতকানিয়া উপজেলার কাঞ্চনা ইউনিয়নের দুদু মিয়ার ছেলে।
সাতকানিয়ায় ওসি ফরিদ উদ্দিন খন্দকার জানান, বশর গতবছর জামায়াতের বিভিন্ন নাশকতার ঘটনায় জড়িত ছিলেন। সাতটি হত্যাসহ বিভিন্ন অভিযোগে ২৪টি মামলা রয়েছে তার বিরুদ্ধে।
রোববার ভোর ৫টার দিকে সাতকানিয়া উপজেলার ছনখোলা এলাকায় গোলাগুলির ওই ঘটনা ঘটে বলে ওসি ফরিদ উদ্দিনের ভাষ্য।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, পলাতক আসামি বশরকে শনিবার বাঁশখালী উপজেলার পুকুরিয়া গ্রাম থেকে গ্রেপ্তার করেন তারা। এরপর জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে তাকে নিয়ে ছনখোলা এলাকায় অস্ত্র উদ্ধারে যায় পুলিশের একটি দল।
“সেখানে বশরের সহযোগীরা সড়কে বেরিকেড দিয়ে তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এক সময় সন্ত্রাসীরা গুলি করলে পুলিশও পাল্টা গুলি চালায়। গোলাগুলির মধ্যে ঘটনাস্থলেই বশর মারা যায়।”
এ ঘটনায় কয়েকজন পুলিশ সদস্যও আহত হয়েছেন বলে জানান ওসি।
তিনি বলেন, ঘটনাস্থল থেকে দুটি বন্দুক, একটি পাইপগান ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
